
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভাটেরগাঁও এলাকায় প্রায় পাঁচ শতাধিক মানুষের চলাচলের একমাত্র রাস্তার উপর ভবন নির্মাণে দখল করা পথ উদ্ধারের লক্ষ্যে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ভাটেরগাঁও মিজি বাড়ির চলাচলের রাস্তায় এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশ নেয়া বাবুল মিজি, জাকির মিজি, হিরন মিজি, বেবী বেগম, পেয়ারা বেগম জানান, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে মিজি বাড়ির বাসিন্দারা নিজ উদ্যোগে তৈরি করা এ রাস্তাটি ব্যবহার করে আসছেন। পরবর্তীতে কয়েক দফায় সরকারি বরাদ্দে রাস্তাটি সংস্কার করা হয় এবং এটি প্রায় ১০০টি পরিবারের একমাত্র চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
আব্দুর রব মিজি নামে এক ব্যক্তি ৫-৬ বছর আগে সাড়ে ৬ শতাংশ জমি ক্রয় করার পর ইতিমধ্যে রাস্তায় নিজের সম্পত্তি দাবি করে ভবন নির্মাণ সহ বিভিন্নভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা উপেক্ষা করেন তিনি। সর্বশেষ রাস্তাটির ওপর পাকা ভবন নির্মাণ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বক্তারা আরো জানান, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণের জন্য উক্ত সম্পত্তি মাপা হয়। এ সময় দেখা যায়, নির্মাণাধীন ভবনের একটি অংশ রাস্তার ওপর চলে এসেছে। স্থানীয়রা ওই অংশ অপসারণের দাবি জানালেও অভিযুক্ত ব্যক্তি তা অগ্রাহ্য করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এতে করে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তারা এলাকার কোন গন্যমান্য ব্যক্তিকে পাত্তা না দিয়ে পুলিশ দ্বারা আমাদেরকে হয়রানি করে আসছে। রাস্তাটি দীর্ঘদিন ধরে জনসাধারণের ব্যবহৃত হওয়ায় এটি কোনো ব্যক্তির একক দখলে যাওয়ার সুযোগ নেই। তাই শত শত মানুষের চলাচলের দিক বিবেচনা করে বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
তবে এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রব মিজির স্ত্রী শামছুন্নাহার বেগম সাংবাদিকদের বলেন, ১৮ বছর আগে সম্পত্তি কিনে তাদেরকে চলাচলের সুযোগ করে দিয়ে আসছি। ইতিমধ্যে আমরা আমাদের সম্পত্তির উপর ভবন নির্মাণ করেছি।
প্রয়োজনে ভবনের সামনে কিছু জায়গা কিনে রাস্তা করে দিয়ে ব্যবহারের সুযোগ করে দিবো আমরা। কিন্তু তারা সেটি না মেনে আমাদের নির্মাণ করা বিল্ডিং এর একাংশ জোরপূর্বক ভেঙে দিয়েছে।



