চাঁদপুরে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে মানববন্ধন : ক্যাব এর ১০ দফা দাবি উত্থাপন

সাইদ হোসেন অপু চৌধুরী /মহসিন হোসাইন: চাঁদপুরে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্য তেল বাজার থেকে উধাও হয়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫টায় চাঁদপুর শহরের কালিবাড়ী মোড় বাইতুল আমিন চত্বরে এ কর্মসূচির আয়োজন করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁদপুর জেলা শাখা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি অসাধু সিন্ডিকেট ভোজ্য তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে, যার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। এ সময় ক্যাবের পক্ষ থেকে ১০ দফা দাবি উত্থাপন করা হয়।

দাবিগুলো হলো— ১. ভোজ্য তেল নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি কঠোরভাবে দমন করতে হবে। ২. নন-ফুড গ্রেড ড্রামে সয়াবিন তেল বিক্রি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ৩. সয়াবিন তেলের সঙ্গে পাম অয়েল মিশিয়ে ভেজাল তেল বিক্রি বন্ধ করতে হবে। ৪. জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দোকান মালিকদের সরকারি বিধি-বিধান মেনে চলা নিশ্চিত করতে হবে। ৫. দোকান, শপিংমল, হোটেল, রেস্টুরেন্ট ও ওষুধের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দিনের বেলায় অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বন্ধ করতে হবে।

৬. সরকারি-বেসরকারি দপ্তরে অপ্রয়োজনীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। ৭. রাতের বেলায় বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হবে। ৮. পেট্রোল, অকটেন ও ডিজেল মজুদ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৯. ইলিশ উৎপাদন বৃদ্ধিতে জাটকা নিধন বন্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে। ১০. হাম প্রতিরোধে সিভিল সার্জন অফিসসহ সরকারি-বেসরকারি
হাসপাতালগুলোকে আরও সক্রিয় করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, সম্প্রতি আমরা শহরের কয়েকটি তেলের পাম্প পরিদর্শন করে দেখেছি, কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুদ করে রেখে কৃত্রিম সংকট তৈরি করছে। একইভাবে ভোজ্য তেলের ক্ষেত্রেও গুদামজাত করে বাজারে সংকট দেখিয়ে অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা চলছে।

তিনি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান। যৌথ সঞ্চালনায় ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশাররফ হোসেন ও সাংবাদিক অভিজিৎ রায়। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক বিপ্লব সরকার, ক্যাব চাঁদপুর জেলা শাখার সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর