
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে এবারের এইচএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হয়ে ফরম ফিলাপ বঞ্চিত শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে পুনরায় টেস্ট পরীক্ষা শুরু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল থেকে শুরু হওয়া এ পরীক্ষায় ১৪৫ জন শিক্ষার্থীর মধ্যে ১২৫ জন অংশগ্রহণ করেছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে। জানা যায়, সম্প্রতি বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির পর শিক্ষার্থীদের জন্য পুনঃটেস্ট পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়।
এরই ধারাবাহিকতায় গত ৬ এপ্রিল সোমবার দিন ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষার মাধ্যমে পুনঃটেস্ট পরীক্ষা শুরু হয় এবং মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে কলেজ কর্তৃপক্ষ ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন: ড্যাফোডিল স্কুলের প্রধান শিক্ষক নুর খান, চাঁদপুরের ড্যাফোডিল কো-অর্ডিনেটর মাহাবুল হোসাইন, সহকারী কো-অর্ডিনেটর মো. ইকবাল হোসেন এবং দু’জন অভিভাবক প্রতিনিধি। তাদের তত্ত্বাবধানে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।
এদিকে দ্বিতীয় দিনের পরীক্ষায় নকলের অভিযোগে দুজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এতে করে পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় কঠোর অবস্থানের ইঙ্গিত মিলেছে। অন্যদিকে সম্প্রতি বিক্ষোভ ও উদ্ভূত পরিস্থিতির সার্বিক বিষয় তদন্তে দু সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, লালমাটিয়া, ঢাকার অধ্যক্ষ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাদিকুল বারী এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খানের বিশেষ সহকারী কাফিউল বিন ইসলাম। তারা আন্দোলনের পটভূমি, উস্কানিদাতা এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগে কলেজের বাংলা বিভাগের শিক্ষক নাসরিন সুলতানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানা গেছে। বিষয়টি নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কলেজের সাবেক শিক্ষক নুরুল ইসলাম নয়নের ভূমিকা নিয়ে। বিভিন্ন সূত্রে অভিযোগ উঠেছে, আন্দোলনের পেছনে তিনিই অন্যতম ইন্ধনদাতা হিসেবে কাজ করেছেন।
জানা যায়, তিনি একসময় চাঁদপুর ড্যাফোডিল কলেজে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে চাকরি ছাড়ার পর থেকে প্রতিষ্ঠানের প্রতি ক্ষোভ পোষণ করছিলেন। সম্প্রতি এই আন্দোলনে তাকে সরাসরি ক্যাম্পাসে উপস্থিত থাকতে দেখা গেছে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের প্রভাবিত করার অভিযোগও উঠেছে। মূলত শিক্ষার্থী ও অভিভাবকদের মনে ক্ষোভ সৃষ্টি করে এই আন্দোলনের মূল ইন্ধনদাতা হচ্ছেন কলেজের সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষিকা নাসরিন সুলতানা ও সাবেক শিক্ষক নুরুল ইসলাম নয়ন।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ শিবলী সাদিক বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে পুনরায় পরীক্ষার সুযোগ দেয়া হয়েছে। আমরা চাই একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হোক। ইতোমধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।
আন্দোলনকে ঘিরে তদন্ত কমিটি সম্পর্কে তিনি বলেন, যেহেতু তদন্ত কমিটি এখনো কাজ করছেন, তাদের কোনো রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কোনো মন্তব্য বা বক্তব্য দিতে চাই না। শিক্ষিকা নাসরিন সুলতানার সাময়িক বরখাস্ত হওয়া সম্পর্কেও তিনি একই কথা জানান। তবে আন্দোলনের পেছনের কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে পুরোপুরি পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না বলে মনে করছেন তিনি।



