চাঁদপুরে দায়সারা আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

মহসিন হোসাইন : চাঁদপুরে সীমিত পরিসরে ও সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে মাত্র ২০ সেকেন্ডের র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোঃ নূরে আলম দ্বীন বলেন, মানুষের সুস্থতা নিশ্চিত করতে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আমরা যদি ইকোসিস্টেমের মতো সমন্বিতভাবে কাজ করি, তাহলেই সুস্থ থাকা সম্ভব। অন্যথায় সামগ্রিক স্বাস্থ্যমান উন্নয়ন করা যাবে না।

তিনি আরও জানান, এই সমন্বিত ধারণাই এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল প্রতিপাদ্য, যা সামনে রেখে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের সহকারী তত্ত্বাবধায়ক মোঃ আশরাফসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, প্রতিবছর ৭ এপ্রিল বিশ্বব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হলেও চাঁদপুরে এ বছর আয়োজন ছিল অত্যন্ত সীমিত, যা নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে।

সম্পর্কিত খবর