
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে পত্রিকা বিলিকারকদের মাঝে শীতবস্ত্র হিসেবে হুডি বিতরণ করা হয়।
গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) চাঁদপুর শহরের কবি নজরুল সড়কস্থ প্রেস ক্লাব মিলনায়তনে পত্রিকা বিলিকারকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণে অর্থায়ন করেন চাঁদপুর রোটারী ক্লাবের সদস্যবৃন্দ ও বন্ধু ব্যাচ ‘ইলিশের বাড়ি চাঁদপুর (০২-০৪)’ এর বন্ধুরা। চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. মো. মোস্তফা ফুল মিয়ার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, রোটারী ক্লাব চাঁদপুরে মানবিক কাজ করছে। রোটারী ক্লাব আজকে যে আয়োজন করছে খুবই ভালো উদ্যোগ। রোটারী ক্লাব মানুষের পাশে দাড়াচ্ছে। আমি আজকে গভীর শোক প্রকাশ করছি হকার সমিতির সভাপতির মৃত্যুতে। আপনারা পত্রিকা জন্য খুব কষ্ট করেন। মানুষের কাছে পত্রিকা পৌঁছে দেন।
তিনি বলেন, আমরা চাই রোটারী ক্লাবের সাথে প্রেস ক্লাবের সেতুবন্ধন তৈরি হবে। মানুষের সেবায় রোটারী ক্লাব যুগ যুগ কাজ করছে। রোটারী ক্লাব এর সিস্টেমটা আমাদের ভালো লাগে। এটা চাঁদপুরের সুনামধন্য সংগঠন। চাঁদপুর প্রেস ক্লাব একটি ঐক্যবদ্ধ প্রেস ক্লাব। এটা বালাদেশের মধ্যে মডেল প্রেস ক্লাব। পেশাজীবি সাংবাদিকদের পাশে চাঁদপুর প্রেস ক্লাব সবসময় রয়েছে। প্রেস ক্লাব সাংবাদিকদের কল্যাণে কাজ করছে।
তিনি আরো বলেন, রোটারী ইন্টারন্যাশনাল সারা পৃথিবীতে নানা ধরনের সেবামূলক কাজ করে থাকে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতেই ও প্রকৃত সামাজিক পরিবর্তনের পথ তৈরি করতে রোটারী কাজ করে। মানবিক বাংলাদেশ গড়তে চাঁদপুর রোটারী ক্লাবও বছরজুড়ে সেবামূলক কাজ করছে। তারই অংশ হিসেবে আজ পত্রিকা বিলিকারকদের মাঝে শীতবস্ত্র হিসেবে হুডি বিতরণ করা হচ্ছে। তীব্র শীতের সকালে পত্রিকা বিলিকারকরা জীবিকার তাগিদে বাসা থেকে বের হয়ে পাঠকদের হাতে পত্রিকা তুলে দেন। তাদের এই কষ্ট কিছুটা লাঘব করতেই চাঁদপুর রোটারী ক্লাব এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।
চাঁদপুর রোটারী ক্লাব ও চাঁদপুর প্রেস ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট রোটা. মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর রোটারী ক্লাব ও চাঁদপুর প্রেস ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটা. কাজী শাহাদাত, চাঁদপুর প্রেস ক্লাবের সেক্রেটারী এমএ লতিফ এবং চাঁদপুর রোটারী ক্লাবের জয়েন্ট সেক্রেটারী ও বন্ধু ব্যাচ ইলিশের বাড়ি চাঁদপুর (০২-০৪)-এর গ্রুপ ক্রিয়েটর ও এডমিন রোটা. প্রফেসর হাবিবুর রহমান পাটোয়ারী। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজের প্রভাষক শাহ আলম, চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী ইলেক্ট রোটা. রফিকুল ইসলাম, সদস্য রোটা. মো. মহসীন ভূঁইয়া, রোটা. আলমগীর মিয়াজী প্রমুখ।
চাঁদপুর রোটারী ক্লাব নেতৃবৃন্দ জানান, সমাজের অবহেলিত ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোই রোটারীর অন্যতম লক্ষ্য। প্রতিবছর অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে চাঁদপুর রোটারী ক্লাব শীতবস্ত্র বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ জানুয়ারি ৫ শতাধিক রিকশা ও অটোরিকশা চালকদের মাঝে শীতবস্ত্র হিসেবে হুডি বিতরণ করা হয়। এ বছর শীতবস্ত্র বিতরণে আমাদের সহযোগী হিসেবে বন্ধু ব্যাচ ‘ইলিশের বাড়ি চাঁদপুর (০২-০৪)’ এর বন্ধুরা এগিয়ে এসেছে। শীত মৌসুমে নিম্নআয়ের মানুষদের কষ্ট লাঘবে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বন্ধু ব্যাচ ‘ইলিশের বাড়ি চাঁদপুর’-এর প্রতিনিধিরা বলেন, বন্ধুত্বের বন্ধন থেকেই সামাজিক দায়বদ্ধতার জায়গা তৈরি হয়। সেই দায়বদ্ধতা থেকেই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আয়োজন করা হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।



