
মহসিন হোসাইন : চাঁদপুর সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
গতকাল (২৭ জানুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যেখানেই যাবে, সেখানেই শীর্ষে থাকার চেষ্টা করবে। শুধু ভালো শিক্ষার্থী নয়, আগে ভালো মানুষ ও মানবিক মানুষ হতে হবে।
তিনি আরও বলেন, আজকের এই ক্রীড়া ও স্কাউট কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মনে দেশপ্রেমের বীজ বপন হবে এবং ভবিষ্যতে তারা দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। বক্তব্যের একপর্যায়ে তিনি নিজের শৈশবের শিক্ষক জাহানারা ম্যাডামের কথা স্মরণ করে আবেগঘন স্মৃতিচারণ করেন। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়া আয়োজনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। জেলা প্রশাসক বলেন, আগামী দিনে কারিগরি শিক্ষার্থীরাই এগিয়ে যাবে। তারা হাতে-কলমে শিক্ষা পাচ্ছে। তাই লেখাপড়ার পাশাপাশি হাতে কলমে শেখার চেষ্টাও করতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে আচার-আচরণ, খাদ্যাভ্যাস, বিশ্রাম, পরিবার ও সমাজের মানুষের সঙ্গে আচরণ এবং শিক্ষকদের প্রতি সম্মানবোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি সংস্কৃতির পরিবর্তন ও সমাজের প্রতিটি স্তরে এগিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে তার বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক সর্দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, চাঁদপুর জেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর শহরস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক নূর খানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক কিঙ্কর সাহা ও মোহাম্মদ হোসেন। জাতীয় সংগীত পরিবেশন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
শেষপর্বে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, যা শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও আনন্দের সঞ্চার করে।



