
মহসিন হোসাইন : চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) বিশ্ববিদ্যালয় আইন উপেক্ষা করে বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। চাঁবিপ্রবির আইসিটি বিভাগের প্রভাষক নাজিম উদ্দিনকে ৩ বছর মেয়াদে বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে, যা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০২০ এর সঙ্গে সাংঘর্ষিক।
গত (১৮ জানুয়ারি ২০২৬) তারিখে বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার আল মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য তাকে এ দায়িত্ব অর্পণ করা হয়। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ (ধারা ২৫) অনুযায়ী বিভাগের অধ্যাপকগণের মধ্য হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে ৩ (তিন) বৎসর মেয়াদে উপাচার্য কর্তৃক বিভাগীয় চেয়ারম্যান নিযুক্ত হইবেন। তবে শর্ত থাকে যে, যদি কোনো বিভাগে অধ্যাপক না থাকেন তাহলে উপাচার্য সহযোগী অধ্যাপকগণের মধ্য হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে ১ (এক) জনকে বিভাগীয় চেয়ারম্যান নিযুক্ত করিবেন।
যদি কোনো বিভাগে সহযোগী অধ্যাপক না থাকেন তাহলে উপাচার্য সহকারী অধ্যাপকগণের মধ্য হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে ১ (এক) জনকে বিভাগীয় চেয়ারম্যান নিযুক্ত করিবেন। তবে শর্ত থাকে যে, সহকারী অধ্যাপক পদমর্যাদার নিম্নে কোনো শিক্ষককে বিভাগীয় চেয়ারম্যান পদে নিযুক্ত করা যাইবে না। এ বিষয়ে দেশের স্বনামধন্য একাধিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, লোকবল সংকট থাকলে অস্থায়ীভাবে কাউকে দায়িত্ব দেওয়া যেতে পারে। কিন্তু তিন বছরের জন্য একজন প্রভাষককে বিভাগীয় প্রধান করা বিশ্ববিদ্যালয় আইনে কোনোভাবেই বৈধ নয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আইসিটি বিভাগে বর্তমানে একটি সহযোগী অধ্যাপক ও একটি প্রভাষকের স্থায়ী শূন্য পদ রয়েছে। এসব শূন্যপদে নিয়োগের জন্য ইউজিসির কাছে অনাপত্তিপত্র চাওয়া হয়েছে। অনাপত্তিপত্র পাওয়ার পর নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও, তার আগেই একজন প্রভাষককে তিন বছরের জন্য বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়ায় নানা প্রশ্ন উঠেছে। বিভিন্ন মহলের অভিযোগ, এতে করে সহযোগী অধ্যাপক পদে নিয়োগ না দেওয়ার একটি কৌশলগত ইঙ্গিতও থাকতে পারে।
বিভাগে সহযোগী অধ্যাপক পদ শূন্য রেখে সিনিয়র শিক্ষক নিয়োগ যাতে না দেয়া হয় তারই একটি চেষ্টা হতে পারে বলে অনেকেই মনে করছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার আল মামুনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেনি। তবে চাঁবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন, আমরা কোনো আইন বহির্ভূত কাজ করিনি। লোকবল সংকটের কারণে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে যোগ্য কেউ এলে সঙ্গে সঙ্গে নাজিম উদ্দিনকে সরিয়ে নেওয়া হবে।
তিনি আরও বলেন, বর্তমান রেজিস্ট্রারও স্থায়ীভাবে ওই পদের নন। প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করছে, চাঁবিপ্রবি আইন ২০২০-এর অধীনে প্রণীত তফসিলের ১ম সংবিধির ধারা ৪-এর উপধারা ২ অনুযায়ী আইসিটি বিভাগে বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। তবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ২০২০ সালের মূল আইন থেকে জানা যায় সহকারী অধ্যাপক পদের নিচে কোন শিক্ষককে ৩ বছর মেয়াদে বিভাগীয় প্রধান এর দায়িত্ব প্রদান করা যাবে না।
প্রভাষককে স্থায়ীভাবে ৩ বছরের জন্য নিয়োগ দিতে তফসিলের একটি অস্পষ্ট ধারাকে অফিস আদেশে উল্লেখ করে মূল আইনের স্পষ্ট বিধান লঙ্ঘন করা হয়েছে, যা আইনি ও নৈতিক উভয় দিক থেকেই প্রশ্নবিদ্ধ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



