সাহেবগঞ্জে সরকারি খাস জমি দখল ও দেওয়াল তুলে রাস্তা সরু করার অভিযোগ

স্টাফ রিপোর্টার : ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে সরকারি খাস জমি দখল ও অন্যের জমিতে দেওয়াল তুলে রাস্তা সরু করার অভিযোগ উঠেছে আ. আউয়াল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তার মাধ্যমে বেদখল হওয়া সরকারি জমি উদ্ধার করার দাবি জানিয়ে গণস্বাক্ষর দিয়েছে স্থানীয়রা। গণস্বাক্ষর সংযুক্ত করে এ ব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত ২২ জানুয়ারি লিখিত অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ইঞ্জিনিয়ার মুহাম্মদ আজহারুল ইসলাম।

অভিযোগে উল্লেখ করা হয়, সাহেবগঞ্জ গ্রামের ১৭১নং মৌজার একটি গ্রামীণ সড়কের সরকারি খাস জমি দখল করে স্থায়ীভাবে পাকা স্থাপনা নির্মাণ করেছেন অভিযুক্ত আ. আউয়াল। এতে চলাচলের রাস্তাটি সংকুচিত হয়েছে। এছাড়া অভিযোগকারী ইঞ্জিনিয়ার আজহারুল ইসলামের মালিকানাধীন সম্পত্তির সাথে সংযুক্ত করে জোরপূর্বক পাকা বাউন্ডারী ওয়াল নির্মাণ করেছেন অভিযুক্ত আ. আউয়াল। এর ফলে সড়কটি সংকুচিত হয়ে যানবাহন, পথচারী ও ছাত্র-ছাত্রীদের চলাচলে বিঘ্ন ঘটছে।

বর্তমানে সরকারি অর্থে ওই সড়কটির উন্নয়ন কাজ চলছে। কিন্তু সড়কটি কিছু অংশ বেদখল থাকায় সেখানে সংকুচিতভাবে সড়ক নির্মাণের কাজ চলছে। এই নির্মাণ কাজ শেষ হলে একপ্রকার স্থায়ীভাবে বেদখল হয়ে যাবে সরকারি খাস জমি। তাই জরুরী ভিত্তিতে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই নতুন করে জমি মাপ দিয়ে সীমানা নির্ধারণ এবং সরকারি সম্পত্তি দখলমুক্ত দাবি করা হয়েছে অভিযোগপত্রে। অভিযোগের অনুলিপি দেয়া হয়েছে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চাঁদপুরের জেলা প্রশাসক ও ফরিদগঞ্জর সহকারী কমিশনার (ভূমি) বরাবর।

এর আগে একই বিষয়ে গত ১৩ জানুয়ারি ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা আমিন উল্লাহ। সেই অভিযোগেরও কোনো সুরাহা হয়নি এখনো।

সম্পর্কিত খবর