
মহসিন হোসাইন : আসন্ন গণভোট ২০২৬-কে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৫ জানুয়ারি ২০২৬) রোববার কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সভায় গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাকালে অংশগ্রহণকারীদের মাঝে চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক সরবরাহকৃত গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়, যা গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। তিনি বলেন,গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। দেশের ভবিষ্যৎ নির্ধারণে প্রতিটি নাগরিকের সচেতন অংশগ্রহণ অপরিহার্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান। তিনি তরুণ সমাজকে মাদকমুক্ত থেকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।



