
স্বপন কর্মকার মিঠুনঃ কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হবে না। আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলবো। আমি এলাকায় কম আসলেও আমাদের প্রধান শক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমরা সবাই ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ আগামী দিনে ১০ দলীয় জোট সরকার গঠন করবে।
গতকাল ২৪ জানুয়ারি শনিবার সন্ধ্যায় শাহরাস্তি উপজেলা জামায়াত ইসলামীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে চাঁদপুর-৫ নির্বাচনী এলাকার ১০ দলীয় জোটের প্রার্থী এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামুল বশির ওই কথা বলেন। তিনি আরো বলেছেন, আমরা জনগণকে বিশেষ কার্ডের স্বপ্ন দেখাতে চাই না। একটি দল ৫ আগস্টের পর ফ্যাসিবাদী আচরণ করছে। তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হয়েছে। জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে।
তিনি বলেন, আগামী নির্বাচনে কোনো প্রকার জোর দখল, অপকর্ম করতে দেয়া হবে না। তিনি মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
তিনি আরো বলেন, ১০ দলীয় জোট ক্ষমতায় আসলে সমবন্টনের মাধ্যমে জনগণের হক বিতরণ করা হবে। জনগণের মৌলিক অধিকারগুলোকে প্রাধান্য দেয়া হবে।
উপজেলা জামায়াত ইসলামীর মিডিয়া সেলের প্রধান মোঃ শাহ্ আলমের সঞ্চালনায় এছাড়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, একই আসন হতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মাওঃ আবুল হোসাইন, শাহরাস্তি উপজেলা জামায়াত ইসলামী সভাপতি মোঃ মোস্তফা কামাল।




