
মহসিন হোসাইন : আবহমান বাংলা সংস্কৃতি, গণমাধ্যম এবং মুক্তিযুদ্ধের চেতনার ওপর চলমান হামলার প্রতিবাদে চাঁদপুরে গানে গানে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলার শিল্পী সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ১০টি সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীরা অংশগ্রহণ করেন। সমাবেশে অংশগ্রহণকারী সংগঠনগুলোর পরিবেশনায় ছিল— আনন্দ ধ্বনি পরিবেশন করে ‘ও আমার দেশের মাটি, সংগীত নিকেতন পরিবেশন করে ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি, উদয়ন পরিবেশন করে ‘সংকোচের বিহবলতা, উদীচী পরিবেশন করে ‘মানুষ ছাড়া ক্ষেপাবে তুই’, বঙ্গজ পরিবেশন করে ‘দুর্গম গিরি কান্তার মরু’।
এছাড়াও সমাবেশে অংশগ্রহণ করেন স্বদেশ, খেলাঘর, সুরধ্বনি, জয়ধ্বনি ও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা।
সমাবেশে চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পাঠ করা লিখিত বক্তব্যে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে শিল্প-সংস্কৃতি ও সংগীতচর্চার ক্ষেত্রগুলোতে বিভিন্ন অজুহাতে যেসব হামলা ও ধ্বংসযজ্ঞ পরিচালিত হয়েছে, তা শিল্পী সমাজকে বেদনাহত, উদ্বিগ্ন ও ক্ষুব্ধ করেছে। এর ন্যক্কারজনক প্রকাশ ঘটেছে বিগত ১৮ ডিসেম্বর মধ্যরাতে তথাকথিত সন্ত্রাসী বাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার দপ্তর, ছায়ানট সংস্কৃতি ভবন এবং ১৯ ডিসেম্বর ২০২৫ ইং বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায়। বক্তব্যে আরও বলা হয়, সরকার প্রধানসহ দেশের বিভিন্ন স্তরের মানুষ এসব ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানালেও ধারাবাহিকভাবে সাংস্কৃতিক ও অসাম্প্রদায়িক চেতনাবাহী প্রতিষ্ঠানের ওপর হামলার মুখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের নিষ্ক্রিয়তা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলার ঐতিহ্যবাহী বাউল সম্প্রদায়ের ওপর হামলা, ঠাকুরগাঁওয়ে মাজারের কবর ভাঙচুর,
ভালুকায় দীপু চন্দ্র দাসের পৈশাচিক হত্যাকাণ্ডসহ সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো বিচ্ছিন্ন নয় বরং দেশ ও সমাজকে বিভাজিত করে সাংস্কৃতিক বন্ধ্যাত্ব ও অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার পরিকল্পিত অপচেষ্টার অংশ বলেও উল্লেখ করা হয়। সংহতি বক্তব্যে আরও বলা হয়, সংস্কৃতির ওপর আঘাতের প্রতিবাদে সঙ্গীতের মাধ্যমে সংহতি প্রকাশে চট্টগ্রামের শিল্পী সমাজের উদ্যোগ পুলিশের অসহযোগিতা ও বাধার কারণে বাস্তবায়িত হতে পারেনি, যা অত্যন্ত উদ্বেগজনক। একদিকে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলা প্রতিরোধে প্রশাসনের ব্যর্থতা, অন্যদিকে শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দেওয়া অশুভ প্রবণতার ইঙ্গিত বহন করে।
সমাবেশ থেকে সাম্প্রতিক হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। একই সঙ্গে শিল্পচর্চা ও বিকাশের মাধ্যমে অন্ধতার বিরুদ্ধে দেশের মানুষের উদ্যোগে প্রশাসনের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করা হয়।
সমাবেশটি পরিচালনা করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি রফিক আহমেদ মিন্টু, সংগীত নিকেতন প্রশিক্ষক বাবুল চক্রবর্তী, সংগীত নিকেতন অধ্যক্ষ দ্বীপক চক্রবর্তী, উদীচী শিল্প গোষ্ঠীর সভাপতি কৃষ্ণা চক্রবর্তী, জয়ধ্বনি সংগীত শিক্ষালয় অধ্যক্ষ সুদীপ তন্বময়, স্বরধ্বনি অধ্যক্ষ অনিতা নন্দী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলিত পরিষদ আহ্বায়ক ডাঃ প্রণব রায়, উদয়ন সংগীতশিল্পী অধ্যক্ষ বিশ্বনাথ দাস, বঙ্গজ সভাপতি নাছির খান, সংগীত নিকেতন প্রশিক্ষক রিয়া চক্রবর্তী প্রমুখ। এসময় জেলার সকল শিল্পী সংগঠনের সাংস্কৃতিক শিল্পীরা উপস্থিত ছিলেন। তথ্য সহায়তায় ছিলেন চাঁদপুর উদীচী শিল্পী সংগঠনের সাধারণ সম্পাদক- মোঃ জহির উদ্দিন বাবর।



