
স্টাফ রিপোটার: চাঁদপুরে রেলওয়ের সরকারি জায়গায় জোরপূর্বক অবৈধভাবে পাকা ঘর নির্মাণ ও স্টেশন মাস্টারকে মারধরের অভিযোগে দায়ের করা মামলার ১ নম্বর আসামি পাভেল রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।
চাঁদপুর সদর থানায় দায়েরকৃত মামলা নং ৪৬, জিআর ১২৪৯/২৫–এর প্রেক্ষিতে বুধবার ৭ জানুয়ারি ২০২৬ দুপুরে আসামিকে আদালতে হাজির করা হলে চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ ডিসেম্বর ২০২৫ দুপুর আনুমানিক ১২টার দিকে চাঁদপুর সদর মডেল থানাধীন হরিনা রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলওয়ের সরকারি জায়গায় অবৈধভাবে পাকা ঘর নির্মাণের চেষ্টা চালানো হয়। এ সময় স্টেশন মাস্টারসহ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা বাধা দিতে গেলে অভিযুক্ত পাভেল রহমান ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালায়। এতে স্টেশন মাস্টার শারীরিকভাবে আহত হন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা লাঠিসোঁটা ও লোহার রড ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে এবং রেলওয়ের সরকারি কাজে গুরুতরভাবে বাধা সৃষ্টি করে। ঘটনার ফলে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে আহত স্টেশন মাস্টারকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হলে মামলায় প্রধান আসামিসহ অজ্ঞাতনামা ১৫–২০ জনকে অভিযুক্ত করা হয়।
এদিকে মামলার প্রধান আসামি পাভেল রহমান এর আগে আপোষ শর্তে জামিনে মুক্ত থাকলেও জামিনের শর্ত লঙ্ঘন করায় আদালত তাকে পুনরায় কারাগারে প্রেরণের আদেশ দেন।



