মতলব উত্তরে সেচ ক্যানেলের উচ্ছেদ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী

মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের আওতাধীন নতুনবাজার এলাকায় নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে সেচ ক্যানেল পরিস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে সেচ ক্যানেলে ময়লা-আবর্জনা ও অবৈধ দখলের কারণে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল। এতে কৃষকসহ স্থানীয় সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েন। সাম্প্রতিক পরিস্কার ও উচ্ছেদ কার্যক্রমের ফলে ক্যানেলের পানির প্রবাহ স্বাভাবিক হতে শুরু করেছে। এতে খুশি কৃষক ও এলাকাবাসী। তারা বলছেন, নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত হলে কৃষিকাজে বড় ধরনের উপকার হবে। তবে উচ্ছেদ কার্যক্রম নিয়ে এলাকায় অসন্তোষও দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ,

সেচ ক্যানেলের পূর্ব পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও পশ্চিম পাড়ে একই ধরনের স্থাপনা এখনো বহাল রয়েছে। এতে উচ্ছেদ প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব করা হয়েছে বলে তারা মনে করছেন। এলাকাবাসীর দাবি, উভয় পাড়ে সমানভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলে সেচ ক্যানেলের কার্যকারিতা আরও বাড়বে এবং ভবিষ্যতে পানি সংকটের আশঙ্কা কমবে। তারা দ্রুত পশ্চিম পাড়েও উচ্ছেদ কার্যক্রম চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

তারা বলেন, পশ্চিম পাড়ের অবৈধ স্থাপনা গুলো প্রভাবশালীদের হওয়ায় পাউবোর কর্মকর্তারা পিছু হাটছে। আবার কেউ কেউ বলছেন টাকা দিলে পাউবোতে অবৈধ ও বৈধ হয়ে যায়। পাউবোর নির্বাহী প্রকৌশলী সেলিম সাহেদ জানান, খাল পরিস্কার ও অবৈধস্থাপনা উচ্ছেদ করা হবে।

সম্পর্কিত খবর