
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনে (২৬০ চাঁদপুর-১, ২৬১ চাঁদপুর-২, ২৬২ চাঁদপুর-৩, ২৬৩ চাঁদপুর-৪ ও ২৬৪ চাঁদপুর-৫) দাখিলকৃত মনোনয়নপত্র বাছাইয়ের পর বৈধভাবে মনোনীত প্রার্থীগণের তালিকা প্রকাশ করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬খ্রি.) জেলা প্রশাসক, চাঁদপুর ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার সকল প্রার্থীর উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাইয়ের পর বৈধ হওয়ায় মনোনীত প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশন কর্তৃক চূড়ান্তভাবে প্রকাশিত হয়, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের নাম রয়েছে। এই বৈধ প্রার্থীদের মধ্যেই প্রতীক বরাদ্দ করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে প্রতীক বরাদ্দের আগে কেউ যদি মনোনয়ন প্রত্যাহার করে নেন, তাহলে চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে তার নাম বাদ যাবে।
শনিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ের পর দেখা গেছে, মনোনয়নপত্র দাখিলকৃত ৪৬ প্রার্থীর মধ্যে ৩০ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১৫ জনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। চাঁদপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির এমএ শুক্কুর পাটোয়ারী ইতোমধ্যে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
বৈধ ঘোষিত প্রার্থীগণ হলেন: ২৬০ চাঁদপুর-১ (কচুয়া) আসন: ড. আ ন ম এহছানুল হক মিলন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), আবু নছর মোহাম্মদ মকবুল আহমদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), আনিছুর রহমান (বাংলাদেশ খেলাফত মজলিস) ও মোহাম্মদ নাছির উদ্দিন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)।
২৬১ চাঁদপুর-২ (মতলব দক্ষিণ-মতলব উত্তর) আসন: ড. মো. জালাল উদ্দিন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মো. বিল্লাল হোসেন (লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি), মো. এমরান হোসেন মিয়া (জাতীয় পার্টি), মো. এনামুল হক (নাগরিক ঐক্য) ও মো. গোলাফ হোসেন, গণঅধিকার পরিষদ (জিওপি)।
২৬২ চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসন: শেখ ফরিদ আহমেদ মানিক (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), অ্যাড. মো. শাহজাহান মিয়া (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোহাম্মদ জয়নাল আবেদিন শেখ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এএইচএম আহসান উল্লাহ (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মো. জাহাঙ্গীর হোসেন (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), তোফায়েল আহমদ (খেলাফত মজলিস), মো. জাকির হোসেন (গণঅধিকার পরিষদ- জিওপি) ও নুরুল ইসলাম (জাকের পার্টি)।
২৬৩ চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন: মো. হারুনুর রশিদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মো. আবদুল হান্নান (স্বতন্ত্র), মো. বিল্লাল হোসেন মিয়াজী (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মকবুল হোসাইন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মাহমুদ আলম (জাতীয় পার্টি) ও মো. মুনীর চৌধুরী (গণফোরাম)। ২৬৪ চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসন: ইঞ্জিনীয়র মো. মমিনুল হক (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মো. আবুল হোসাইন (বাংলাদেশ জামায়াতে ইসলামী), সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মির্জা গিয়াস উদ্দিন (জাতীয় পার্টি), মোহাম্মদ আলী পাটোয়ারী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. নেয়ামুল বশির (লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি) ও মো. মাহমুদ হাসান নয়ন (ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ)।
জেলা নির্বাচন অফিসার মো. জিয়াউর রহমান খলিফা এসব তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ছিলো ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি রোববার পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি সোমবার থেকে ৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি শনিবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি মঙ্গলবার।
প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি বুধবার। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



