
মহসিন হোসাইন : চাঁদপুর শহরের স্বর্ণখলা রোডে আধুনিক ও মানবিক শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে চাঁদপুর গ্রামার একাডেমী। গতকাল (৪ জানুয়ারি ২০২৬) রবিবার সকালে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে একাডেমিটির শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি সোহেল রুশদী।
চাঁদপুর গ্রামার একাডেমীর প্রতিষ্ঠাতা ও সভাপতি মিসেস তাছলিমা আক্তার-এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক শিক্ষাই একটি শিশুর শিক্ষা জীবনের মূল ভিত্তি। ছোটবেলা থেকেই নৈতিকতা, মানবিকতা ও পারিবারিক মূল্যবোধের শিক্ষা অর্জন করা অত্যন্ত জরুরি। এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি যাঁরা পালন করেন, তাঁরা হলেন শিক্ষকরা। বাবা-মায়ের পর একজন শিক্ষার্থীর জীবনে শিক্ষকদের অবদানই সবচেয়ে বেশি।
তিনি আরও বলেন, শিশুদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। বিশেষ করে মায়েদের নজরদারি সন্তানের প্রতি আরও বেশি প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ও প্রধান উপদেষ্টা, চাঁদপুর গ্রামার একাডেমী’র আব্দুল্লাহ আল-মামুন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলার সভাপতি সোহরাব হোসেন, নোভা এইড-এর পরিচালক লায়ন ইঞ্জি: আলমগীর পাটোয়ারী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক হাজী আঃ রহমান, জয়নাল আবেদিন এবং মোঃ আসাদুজ্জামান (টুটুল)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহরিয়ার হোসেন তুষার এবং সার্বিক পরিচালনায় ছিলেন চাঁদপুর গ্রামার একাডেমীর প্রধান শিক্ষক প্রিয়াঙ্কা রানী সাহা।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক নূর নাহার বেগম, জয়শ্রী ঘোষ, অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জিহাদ খান এবং গীতা পাঠ করেন অত্র বিদ্যালয়ের শিক্ষিকা চন্দ্রিকা পাল।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকগণ। পরে অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ ও শিক্ষার্থীদের মাঝে ফুল ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।



