
মহসিন হোসাইন: শহীদ ওসমান বিন হাদি (হাদি) হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল (২ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওয়ারলেস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচিতে অংশ নেন এবং হত্যাকাণ্ডের বিচারহীনতার বিরুদ্ধে সোচ্চার হন।
বিক্ষোভে অংশ নেওয়া চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, হাদি হত্যার ঘটনার ২০ দিন পার হলেও এখনো বিচারিক প্রক্রিয়ায় দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা বলেন, এই ধরনের বিচারহীনতা সমাজে অপরাধীদের আরও বেপরোয়া করে তুলতে পারে এবং ভবিষ্যতে সহিংসতা বাড়ার আশঙ্কা তৈরি করে।
শিক্ষার্থীরা স্পষ্ট করে বলেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং একজন নিরপরাধ মানুষের ন্যায়বিচারের দাবি। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। তারা বলেন, তুমি কে আমি কে, হাদি হাদি। লাল সবুজের পতাকায় হাদি তোমায় দেখা যায়। ইনকিলাবের পতাকায় হাদি তোমায় দেখা যায়। গোলামী না আজাদী, আজাদী আজাদী। আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। দালালী না রাজপথ, রাজপথ রাজপথ।
বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই। আয় মোদি দেখে যা, রাজপথে তোর বাবারা। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা। ইনসাফের পতাকায়, হাদি তোমায় দেখা যায়। তারা আরো বলেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে। বিচারহীনতা আর নয়।
বিক্ষোভকারীরা আরও জানান, হত্যাকাণ্ডের তদন্তে যে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে, তা অত্যন্ত হতাশাজনক। তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
উল্লেখ্য, পুরো কর্মসূচিটি ছিল শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ। কোনো অবস্থাতেই রাস্তা অবরোধ বা জনভোগান্তি সৃষ্টি করা হয়নি।



