চাঁদপুর সংবাদপত্র হকার সমিতির সভাপতি আবু হানিফের দাফন সম্পন্ন

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সংবাদপত্র হকার সমিতির সভাপতি আবু হানিফ খানের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল ১ জানুয়ারি বৃহস্পতিবার বাদ জোহর চাঁদপুর পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়া নামাজে জানায় ইমামতি করেন চৌধুরী জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ হাদি।

চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের পরিচালনায় জানাজার পূর্বে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়ে অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নাইম খান।

এ সময় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডঃ শাহজাহান মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, কাজী শাহাদাত, রহিম বাদশা ও শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম এ লতিফ,

শহর বিএনপির সভাপতি অ্যাড. হারুনুর রশিদ, চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, চাঁদপুর আহলে সুন্নত ওয়াল জামাতের সেক্রেটারী এইচ এম আহসান উল্লাহ, পাটোয়ারী নিউজ পেপার এজেন্সীর পক্ষে জসীম মেহেদী ও শুভ পাটোয়ারী এবং সংবাদপত্র হকার সমিতির সাধারণ সম্পাদক জামাল পাটোয়ারী ছাড়াও সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংবাদপত্র হকার সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে আবু হানিফ খানের মরদেহ বড়স্টেসনস্থ রেলওয়ে কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, হানিফ খান ১৬ ডিসেম্বর দুপুর ১২টার দিকে চাঁদপুর শহরের বিপণীবাগ থেকে ব্যক্তিগত কাজ শেষ করে বাইসাইকেলযোগে কালীবাড়ি মোড়ে আসার সময় বিপণীবাগ এলাকায় পেছন থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ ১৬দিন সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ৩১ ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে ৫টায় আবু হানিফ খানে মারা যান।

সম্পর্কিত খবর