চাঁদপুর-৪ বিএনপি পরিচয়ে মনোনয়ন জমা মোজাম্মেল

এস. এম ইকবাল, ফরিদগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই আসনে দলটির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদকে। তিনি গত ২৯ ডিসেম্বর বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তবে একই দিনে নিজেকে বিএনপির প্রার্থী দাবি করে মনোনয়নপত্র জমা দেন উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোজাম্মেল। এতে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হলেও মনোনয়ন না পাওয়া তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাঁদের মধ্যে এম. এ. হান্নান ও অ্যাডভোকেট আব্বাস উদ্দিন নিজেদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে উল্লেখ করেন। তবে হাজী মোজাম্মেল মনোনয়নপত্রে দলের নামের স্থানে বিএনপি উল্লেখ করায় নির্বাচন কমিশনের প্রাথমিক তালিকায় তাঁকে বিএনপি প্রার্থী হিসেবে দেখানো হয়।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) হাজী মোজাম্মেল তাঁর ফেসবুক পোস্টে বলেন, তিনি বিএনপির একজন আদর্শিক কর্মী এবং নিয়মতান্ত্রিকভাবে দলীয় মনোনয়নের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁকে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপস্থাপন করা উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি বলে দাবি করেন তিনি। শেষ মুহূর্ত পর্যন্ত দলীয় মনোনয়নের জন্য অপেক্ষা করবেন বলেও জানান।

এ বিষয়ে মুঠোফোনে হাজী মোজাম্মেল বলেন, তিনি বিএনপির বাইরের কেউ নন। দলের ইঙ্গিতের ভিত্তিতেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। চূড়ান্তভাবে মনোনয়ন না পেলে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।

তবে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম উল্ল্যা সেলিম বলেন, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির একমাত্র প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ। বিকল্প কোনো প্রার্থী দল থেকে দেওয়া হয়নি।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাজাহান মামুন বলেন, মনোনয়নপত্র জমাদানের সময় দলের নামের ঘরে বিএনপি উল্লেখ থাকায় তাঁকে প্রাথমিকভাবে বিএনপি প্রার্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে। যাচাই-বাছাইয়ের সময় তিনি দলীয় মনোনয়ন দেখাতে না পারলে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে।

সম্পর্কিত খবর