
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সংবাদপত্র হকার সমিতির সভাপতি, চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার নিশি বিল্ডিং খ্রিস্টান কবরস্থান এলাকার বাসিন্দা, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নাইম খানের পিতা আবু হানিফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্র জানিয়েছে, আজ ১ জানুয়ারি বৃহস্পতিবার বাদজোহর চাঁদপুর পৌর ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে মাদ্রাসা রোড কবরস্থানে তাকে দাফন করা হবে।
সমিতির সাধারণ সম্পাদক জামাল পাটোয়ারী জানান, হানিফ খান ১৬ ডিসেম্বর দুপুর ১২টার দিকে চাঁদপুর শহরের বিপণীবাগ থেকে ব্যক্তিগত কাজ শেষ করে বাইসাইকেলযোগে কালীবাড়ি মোড়ে আসার সময় বিপণীবাগ এলাকায় পেছন থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মরহুমের ছোট ছেলে চাঁসক ছাত্রদলের সভাপতি নাইম খান জানান, আমার বাবা সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত হলে ওই দিনই তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে বাবাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
দীর্ঘ ১৬দিন সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আমার বাবা মারা গেলেন। উল্লেখ্য, আবু হানিফ খান ৬ নং ওয়ার্ড বিএনপি’র সহ সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
শোক বার্তা : চাঁদপুর সংবাদপত্র হকার সমিতির সভাপতি আবু হানিফের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। এক শোক বার্তায় তিনি বলেন, মহান আল্লাহর কাছে আবু হানিফের রুহের মাগফিরাত কামনা করেন করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি দীর্ঘদিন যাবৎ সংবাদ পত্রের সাথে ছিলেন। চাঁদপুর প্রেসক্লাব ও সাংবাদিকগণ আমরা তার পরিবারের পাশে আছি।



