
স্টাফ রিপোর্টার : ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০২৫ (সংশোধনী-২০১৩) বাস্তবায়নে গঠিত চাঁদপুর জেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো.নাজমুল ইসলাম সরকার।
তিনি বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্যে মারাত্মক ক্ষতিকর। ধূমপান ও তামাকজাত দ্রব্যের উৎপাদন, ব্যবহার, ক্রয়-বিক্রয় ও বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করা প্রয়োজন। পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার বন্ধ করতে হবে। তিনি বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠান, পার্ক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের একশ’ মিটারের মধ্যে কোনো দোকানে তামাকজাত দ্রব্য বিক্রি করা যাবে না।
সকল পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনের দৃশ্যমান স্থানে নো-স্মোকিং সাইনেজ স্থাপন জোরদার রাখতে হবে। ধূমপান নিয়ন্ত্রণে ব্যক্তি ও পরিবার থেকে সচেতন হতে হবে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, আমরা ধূমপান নিবারণ করি (আধুনিক) চাঁদপুর জেলা শাখার মহাসচিব মো. মুজিবুর রহমান, জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান, খলিফা, বিআরটিএ’র সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা তথ্য অফিসার তপন বেপারী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মালিহা আবছার,
জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিন, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সামসুল আলম, জেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মো. মামুন আলম, দৈনিক সংবাদ ও চাঁদপুর কণ্ঠ প্রতিনিধি মো. মিজানুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মোহাম্মদ ইউসুফ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভার মূল উদ্দেশ্য হলো, আইনটির কার্যকর প্রয়োগ নিশ্চিত করা, বিশেষ করে পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধকরণ, অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রি বন্ধু এবং তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা, যেখানে সম্প্রতি নতুন সংশোধনীতে ই-সিগারেট নিষিদ্ধকরণ ও স্বাস্থ্য সতর্কবাণীর হার বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা বাস্তবায়নের জন্যে জেলা পর্যায়ে নিয়মিত সভা ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।



