
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরে অভিনব কৌশলে ট্রাক থেকে চাল চুরির সময় হাতে-নাতে ধরা পড়েছে তিন দুর্ধর্ষ চোর। তাদেরকে আটক করে জেলা কারাগারে প্রেরণ করেছে। এ সময় পুলিশের অভিযানে চুরিকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।
আটক চোররা হলো : সোহান হোসেন নিরব, রাকিবুল হাসান সবুজ ও সজীব আহমেদ। পুলিশ তাদের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে আদালতে পাঠায়। আদালত জামিন নামঞ্জুর করে তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে ৩০০ বস্তা চাল বোঝাই একটি ট্রাক রাস্তা দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় পেছন থেকে একটি অটোরিকশায় করে পাঁচজনের একটি চোরচক্র ট্রাকটিকে অনুসরণ করে। সুযোগ বুঝে চোরেরা ট্রাকের রশি কেটে পেছন দিক থেকে তিনটি ৫০ কেজির চালের বস্তা নামিয়ে ফেলে। চুরি করা বস্তাগুলো অটোরিকশায় তোলার সময় দর্জিঘাট এলাকার স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখে ফেলেন।
সঙ্গে সঙ্গে এলাকাবাসী ধাওয়া দিলে তিনজন চোরকে ধরে ফেলতে সক্ষম হন তারা। অন্য দুই চোর অটোরিকশা ও চালের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ৯৯৯ নম্বরে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, আটক চোরেরা চিত্রলেখা এলাকায় একটি ফ্ল্যাট বাসায় চুরির ঘটনার সঙ্গেও জড়িত। সেই মামলাতেও তাদের আসামি দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, চাঁদপুর শহরের ব্যাংক কলোনি ও মাদ্রাসা রোড এলাকায় ভাড়া বাসা নিয়ে ভাসমান চোরচক্র দীর্ঘদিন ধরে ফ্ল্যাট বাসা ও রাস্তায় চুরি-ছিনতাই চালিয়ে যাচ্ছে। এসব চোরচক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।



