হাদির হত্যার বিচার দাবিতে চাঁদপুরে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

মহসিন হোসাইন : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে চাঁদপুরে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

গতকাল (১৯ ডিসেম্বর) শুক্রবার বাদ জুমা চাঁদপুর সদর কালিবাড়ী বাইতুল আমিন চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

এরপর মিছিলটি কালিবাড়ী থেকে শুরু হয়ে বাস স্ট্যান্ড গিয়ে রাস্তা ব্লকেড করে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় তারা স্লোগানে স্লোগানে বলেন, দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা। জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, দিয়েছি তো রক্ত, আরো দিবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না, দালালী না আজাদী, আজাদী আজাদী। হাদির স্মরণে ভয় করিনা মরণে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমরা সবাই হাদি হবো এই ধরনের স্লোগান দিতে থাকে। পরে তারা পূণরায় বাস স্ট্যান্ড থেকে তাদের অবস্থান ত্যাগ করে কালিবাড়ী হয়ে চাঁদপুর জেলা প্রশাসকের বাস ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। তারা জেলা প্রশাসককে বলেন, চাঁদপুরে এখনো আ’লীগের সন্ত্রাসীরা গোপনে বাসা বাড়িতে রয়েছে। তাঁদেরকে আটক করা হয়নি।

এছাড়াও কিছু কিছু ব্যাক্তি যারা পাঁচ আগস্টের আগে দালালীর সাথে যুক্ত ছিল। তারা এখনো রয়েছে তবে দলবদ্ল করে নতুনভাবে নিজেকে উন্মোচন করে পূণরায় ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদের বিষয়ে অতিদ্রুত আইনি ব্যবস্থা না নিলে বড় ধরনের সহিংসতা ঘটার সম্ভাবনা রয়েছে বলেও তারা জানান। এরপর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে একটি লিখিত অভিযোগ দেন। আমার অফিসে আসেন, এরপর আমি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিবো বলে তিনি আশ্বাস দেন।

এরপর সাধারণ শিক্ষার্থীরা ও বিক্ষুদ্ধ জনতা স্লোগান দিতে দিতে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি চাঁদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ করতে দেখা গেছে। তবে, গতকাল চাঁদপুরে কোথাও কোনো ভাঙচুর বা সহিংসতার ঘটনা ঘটেনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০ টায় গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর পর পরই সারাদেশে তীব্র প্রতিবাদ ও আন্দোলন শুরু হয়।

সম্পর্কিত খবর