
চাঁদপুর খবর রিপোর্ট : ডেভিল হান্ট ফেইজ-২-এর অভিযানে গ্রেফতার আতঙ্কে রয়েছে চাঁদপুরের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। গত দু’তিন দিনে চাঁদপুর জেলায় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের প্রায় ১০ জন নেতা-কর্মীকে আটকের খবর পাওয়া গেছে।
আটককৃতরা হলেন : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সোহেল ওরফে সোহাগ (৪২)। ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এস এম তুহিন রায়হান (৪৮) ও গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন খান (৪০)। মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকারসহ তিন জনকে আটক করেছে পুলিশ। চাঁদপুর জেলা পুলিশ সূত্রে ও পত্রিকায় প্রতিবেদন সূত্রে গতকাল দৈনিক চাঁদপুর খবরকে এ তথ্য নিশ্চিত করেছে ।
চাঁদপুর মডেল থানার ওসি মো: ফয়েজ আহমেদ জানান, ডেভিল হান্ট ফেইজ-২-এর অভিযান চলছে । পুলিশ হেডকোয়াটারের নির্দেশে নাশকতাকারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান আছে ।
এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশ আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা না থাকলেও তাদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশকে নির্দেশ প্রদান করেন। আইনের আওতায় না আনলে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পরপরই মাঠ পর্যায়ের কর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে নিজেরাও আত্মগোপনে চলে গেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। চেষ্টা করেও যারা দেশত্যাগে ব্যর্থ হয়েছেন, তাদের অনেকে গ্রেপ্তার হয়েছেন। দলের দুঃসময়ে নেতাদের পাশে না পেয়ে আতঙ্ক আর হতাশায় দিন পার করছেন তৃণমূলের নেতাকর্মীরা। তাদের অনেকে গ্রেপ্তার আতঙ্কে রযেছেন। ফলে দীর্ঘ ১৫ বছর রাজপথ দাঁপিয়ে বেড়ানো নেতাকর্মীরা অজানা শংঙ্কায় দিন পার করছেন।
দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিনাভোটে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের জড়িয়ে অনেকে শত কোটি টাকার মালিক হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ দেশে আলিশান বাড়ি, গাড়িসহ বিপুল পরিমাণ সম্পদ গড়লেও অনেকে মোটা অংকের অর্থ বিদেশে পাচার করেছেন। অর্থ সম্পদ ও বাড়ি-গাড়ি ফেলে এতটা আকস্মিকভাবে দেশ থেকে পালাতে হবে, এমনটা তাদের কল্পনায়ও ছিল না।
খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্র আন্দোলনে দেশ যখন উত্তাল, ঠিক সেই সময়ে নিজেকে সেইভ জোনে নিতে জুলাই মাসের শেষ দিকে বিদেশে পাড়ি জমান কয়েক ডজন হেভিয়েট নেতা।
একইভাবে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আছেন চাঁদপুর জেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান, ৭টি পৌরসভার মেয়র, এসব এলাকার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের খোঁজ নেই।
এছাড়াও বেশ কিছু স্থানীয় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হওয়ায় এবং অধিকাংশ নেতা আত্মগোপনে থাকায় তুণমূলের আওয়ামী লীগ নেতাকর্মীরা হতাশায় পড়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধি বলেন, ‘‘কীভাবে নিজেদের সেইভ করব জানি না। ক্ষমতায় থাকাকালীন শুধু নেতাদের হুকুম পালন করেছি।
তারা শত শত কোটি টাকার মালিক হয়ে আত্মগোপনে আছেন, আর আমরা কর্মীরা পালাতে না পেরে মার খাচ্ছি। রাতে ভয়ে নিজ বাসায় ঘুমাতে পারি না। জানি না আগামীতে কী অপেক্ষা করছে।’’



