মতলব উত্তরে মেঘনা নদীতে ৬টি জাল ও ১২টি চাঁই জব্দ

মতলব উত্তর প্রতিনিধি : মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ৬টি জাল ও ১২টি চাঁই জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত মেঘনা নদীর এখলাশপুর, বাহাদুরপুর, বোরচর, সটাকী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জাল ও চাঁই জব্দ করা হয়। মতলব উত্তরের মেঘনা নদীতে অভিযান ও জব্দকৃত জাল ও চাঁই পুড়িয়ে বিনষ্ট করা হচ্ছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, অভিযান পরিচালনা করে ২টি বেহুন্দী জাল, ৪টি গছি জাল, ১০টি চায়না দুয়ারি চাঁই ও ২টি পাঙ্গাসের পোনা ধরার চাঁই জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল ও চাঁই পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা মৎস্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার পিও সানোয়ার হক।

চাঁদপুর জেলা মৎস্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, মৎস্যখাতে যে কোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। মাছ ধরতে যে সমস্ত জাল ও চাঁই নিষেধ রয়েছে, তা জেলেদের মেনে চলতে হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর