
ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কৃষি জমির টপসয়েল বিক্রির অপরাধে নূর হোসেন খান নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) দুপুরে সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিশাইর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান।
তিনি জানান, সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিশাইর এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার গোপন সংবাদ পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নূর হোসেন খান নামে এক ব্যক্তিকে টপসয়েল বিক্রির অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে টপসয়েল কাটা অবস্থায় প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে এস্কেভেটর চালক দৌড়ে পালিয়ে যায়। পরে দুটি এস্কেভেটর মেশিন জব্দ করে ইউপি সদস্য জাকির হোসেন ও ইউনিয়ন কৃষি উপ-সহকারী কর্মকর্তা ইমান হোসেনের জিম্মায় রাখা হয় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করার সময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু বকর ছিদ্দিক, ফরিদগঞ্জ থানার এসআই পিয়াস বড়য়া, সুবিদপুর পূর্ব ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা সাহাদাত হোসেন, ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমান হোসেন, ইউপি সদস্য সাহাদাত হোসেন ছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।



