
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পশ্চিম সেনগাঁও গ্রামে স্বামীর দ্বিতীয় বিয়ে এবং সংসারে চলমান ঝামেলা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত ধর্মান্তরিত এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ওই এলাকার প্রধানিয়া বাড়িতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মরিয়ম নামের এক নারীর লাশ। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
মরিয়মের আগের নাম ছিলো ঝুমুর সরকার। প্রায় ১৫ বছর আগে শাহাদাত হোসেন প্রধানিয়ার সঙ্গে বিবাহের সময় তিনি ধর্মান্তরিত হন।
এরপর থেকে তাঁর সনাতনধর্মী বাবা-মায়ের সঙ্গে আর কোনো যোগাযোগ ছিলো না। স্থানীয়রা জানায়, করোনা সময়কালে শাহাদাত প্রথম স্ত্রী মরিয়মকে না জানিয়ে সাথী নামের আরেক নারীকে বিয়ে করেন। এই বিষয়টি জানার পর থেকে তাদের দাম্পত্য বিরোধ বাড়তে থাকে। এরই মধ্যে শাহাদাত মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করছিলেন এবং নতুন স্ত্রী সাথীকে ঘরে তোলার চেষ্টা করছিলেন। এ নিয়ে পারিবারিক উত্তেজনা তীব্র থেকে তীব্রতর হয়।
অবশেষে শুক্রবার রাতের কোনো এক সময়ে মরিয়ম ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে যান, যেখানে স্বামী শাহাদাত, তার সতিন সাথী আক্তার, শাশুড়ি কুলসুমা বেগম এবং শ্বশুরকে দায়ী করেন। ঘটনার পর মরিয়মের লাশ ঝুলন্ত অবস্থায় রেখে শাহাদাত পালিয়ে যান।
খবর পেয়ে সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা মিন্টু দত্ত ও সেকেন্ড অফিসার ফেরদৌসের নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে থানায় নিয়ে যান। এ সময় মরিয়মের শাশুড়ি কুলসুমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ চিরকুটটি জব্দ করেছে। এই ঘটনায় ওয়ার্ড মেম্বার বাদী হয়ে চারজনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন।



