
স্টাফ রিপোর্টার: আজ শুক্রবার (৫ ডিসেম্বর) চাঁদপুর রোটারী ক্লাবের ৫৫তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিকাল ৪টায় চাঁদপুর শিশু পরিবারে (মঠখোলা পুলিশ লাইন সংলগ্ন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ও পুলিশ সুপার মো. রবিউল হাসান।
এছাড়া চাঁদপুরের কৃতী সন্তান ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মাহবুবুল করিম লিটন ও মতলব সূর্যমুখি কচি-কাঁচা মেলার প্রতিষ্ঠাতা মো. মাকসুদুল হক বাবলুকে সংবর্ধনা দেয়া হবে। অনুষ্ঠানে চাঁদপুরের বিশিষ্ট ব্যাক্তিবর্গ, রোটারী ডিস্ট্রিক্টের সিনিয়র রোটারিয়ানবৃন্দ, বিভিন্ন রোটারী ক্লাবের প্রেসিডেন্ট-সেক্রেটারীসহ রোটারিয়ান, রোটারী অ্যানস্, রোটার্যাক্টর ও অতিথিবৃন্দ অংশ নেবেন।
চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. মো. মোস্তফা ফুল মিয়া ও সেক্রেটারী রোটা. নাজিমুল ইসলাম এমিল আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। এছাড়া অভিষেক অনুষ্ঠান উপলক্ষে চাঁদপুর রোটারী ক্লাব বেশ কয়েকটি প্রকল্প সম্পন্ন করবে।
উল্লেখ্য, ১৯৭০ সালের ২০ নভেম্বর চাঁদপুর রোটারী ক্লাবের শুভ সূচনা হয়। চাঁদপুর রোটারী ক্লাবের প্রতিষ্ঠার মাধ্যমে চাঁদপুর শহর তথা এ অঞ্চলে রোটারীর পথচলা শুরু হয়েছিলো। ইতোমধ্যে চাঁদপুর রোটারী ক্লাব চাঁদপুর জেলাসহ পার্শ্ববর্তী জেলায় নানা সেবামূলক কাজের মাধ্যমে রোটারী অঙ্গনে একটি বিশেষ স্থান দখল করেছে।



