চাঁদপুরে প্রাথমিক শিক্ষকদের তিন দাবিতে কর্মবিরতি

মহসিন হোসাইন: চাঁদপুরে প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবিতে কর্মবিরতি চলমান থাকায় বার্ষিক পরীক্ষার দায়িত্ব নিতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা—এমন চিত্রই দেখা গেছে আজ (৩ ডিসেম্বর) সরেজমিনে।

চাঁদপুর সরকারি হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ শহরের আরও কয়েকটি বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় অভিভাবকরাই পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র হাতে নিয়ে বাচ্চাদের পরীক্ষা নিচ্ছেন। যদিও পরবর্তীতে শিক্ষকরা সমন্বয় করে পরীক্ষা নেন।

এদিকে সকালে চাঁদপুর সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা বেগম হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে পরীক্ষার কার্যক্রম শুরুর নির্দেশ দিয়ে যান বলেও জানা যায়।

হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনূর নাহার বলেন, আমরা আমাদের পূর্বের দেয়া তিনটি দাবি’ই বিদ্যমান রেখেছি। দাবি মেনে নিলেই আমরা কর্মবিরতি বন্ধ করে পুরো কার্যক্রম স্বাভাবিক করবো।

জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, চাঁদপুরে প্রায় ১২ শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৮ হাজারের বেশি শিক্ষক রয়েছেন। তাদের বড় একটি অংশ বর্তমানে কর্মবিরতিতে রয়েছেন।

হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মোঃ মনির হোসেন বলেন, আমরা চাই আমাদের দাবিগুলো যেন দ্রুত মেনে নেয়া হয়। আমরাও চাই না শিক্ষার্থীদের সারা বছরের পড়াশোনার পরে পরীক্ষা স্থগিত থাকুক। ক্লাসে ফিরতে আমরা সবসময়ই প্রস্তুত।

অভিভাবকদের সঙ্গে কথা বললে তারা স্পষ্টই জানান তাদের দুশ্চিন্তার কথা। একজন অভিভাবক বলেন, শিশুরা যেন পরীক্ষা দিতে এসে কোনো বিড়ম্বনায় না পড়ে—এটাই আমাদের চাওয়া। কর্মবিরতি চলমান থাকায় পরীক্ষা হবে কি না, তা নিয়ে আমরা অনিশ্চয়তায় থাকি। এতে বাচ্চাদের প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হয়।

শিক্ষার্থীদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। কয়েকজন শিক্ষার্থী জানায়, আমরা এভাবে পরীক্ষা দিতে চাই না। স্বস্তি নিয়ে পরীক্ষায় বসতে চাই। এতে আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে।

কর্মবিরতির কারণে শিক্ষা–ব্যবস্থায় যে স্থবিরতা তৈরি হয়েছে, তা দূর করতে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। চাঁদপুরের প্রাথমিক শিক্ষায় এ অস্থিরতা কাটাতে সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় পদক্ষেপের অপেক্ষায় আছে সবাই।

সম্পর্কিত খবর