
স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের বাউন্ডারির ভিতরে স্থাপিত একাধিক সিসি ক্যামেরা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে গাছে স্থাপিত একটি সিসি ক্যামেরা এবং পরিষদের পুরোনো ভবনে স্থাপিত অপর আরেকটি ক্যামেরার কেবল টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। শুধু তাই নয়, ক্যামেরার সঙ্গে থাকা সার্কিটগুলোও ভেঙে নষ্ট করে দেওয়া হয়েছে।
গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন জানান।
প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন বলেন, “ঘটনাটি নিছক ভাঙচুর নয় এর পেছনে বড় ধরনের নাশকতামূলক উদ্দেশ্য থাকতে পারে বলে আমরা ধারণা করছি। সিসি ক্যামেরার বিদ্যুৎ/আইপিএস সংযোগ বিভ্রাট হওয়ার সুযোগে দুর্বৃত্তরা সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছে বলে আমরা ধার করছি। পরিকল্পিতভাবে ক্যামেরার কেবল ছিঁড়ে ফেলা হয়েছে এবং সার্কিটও নষ্ট করা হয়েছে, যাতে কোনো ধরনের প্রমাণ বা ফুটেজ সংরক্ষণ না থাকে।
তিনি আরো বলেন, এ ধরনের ঘটনা ইউনিয়ন পরিষদের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় হুমকি। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। তবে আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি।
তিনি বলেন, ইতোমধ্যে আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। তাদের পরামর্শ অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হবে।”



