চাঁদপুরে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা

মহসিন হোসাইন: মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে এক মতবিনিময় সভা বুধবার (২৬ নভেম্বর ২০২৫) হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মমিনুল হক সর্দার। সভার প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আঞ্চলিক উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন আক্তার।

সভায় জেলা সদরের তিনটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন করণীয় ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল শক্তি হলো এর শৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পাঠদানের মান। এসব ক্ষেত্রে যেসব সংকট বা চ্যালেঞ্জ রয়েছে, তা সমাধানে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক—সবাইকে সমানভাবে দায়িত্ব নিতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন,তোমরা হচ্ছে দেশের আগামী দিনের নেতৃত্ব। তাই সময়কে মূল্য দিতে হবে, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং মোবাইল ফোনসহ ডিজিটাল ডিভাইসের অপব্যবহার থেকে অবশ্যই দূরে থাকতে হবে। প্রতিদিন সময়মতো পড়াশোনা করা, ভালো অভ্যাস গড়ে তোলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চা করাই তোমাদের প্রথম দায়িত্ব।
পরিচ্ছন্নতা ও পরিবেশ নিয়ে তিনি বলেন,বিদ্যালয়ের মাঠ, শ্রেণিকক্ষ বা টয়লেট—যা-ই হোক না কেন, নিজস্ব জায়গাকে নিজের বাড়ির মতো পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশই একটি ভালো শিক্ষাব্যবস্থা গড়ে তোলে।

শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতি আপনাদের নজরদারি আরও বাড়াতে হবে। যাতে কেউ পড়ালেখা থেকে ঝরে না পড়ে বা ভুল পথে না যায়। সময়মতো শ্রেণিকক্ষে উপস্থিত হওয়া এবং আন্তরিকতা দিয়ে পাঠদান করা একজন শিক্ষকের পেশাগত দায়িত্ব।

শেষে তিনি বলেন, বিদ্যালয় শুধু শিক্ষার জায়গা নয়; এটি চরিত্র গঠনের স্থান। তাই খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, সহপাঠক্রমিক কার্যক্রম—সবকিছুতে অংশ নেওয়ার মাধ্যমে নিজেকে সৎ, দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

সম্পর্কিত খবর