
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নে বাঁশের বেড়া নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৪ নভেম্বর) সকালে ইউনিয়নের পশ্চিম বাকরা গ্রামের গাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত এলাকার গাজী বাড়ির মৃত সলেমান গাজীর ছেলে সোহেল গাজী ও রুবেল গাজীর বাড়ির চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন পার্শ্ববর্তী মাল বাড়ির ইউসুফ মালের ছেলে বিল্লাল মাল। সোমবার সকালে ঘোষেরহাট-মাষ্টার বাজার এলজিইডি সড়কের পাশে সোহেল গাজী বাড়ির সামনে বাঁশের বেড়া নির্মাণ করে চলাচলের পুরো পথ বন্ধ করে দিয়েছেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ৯৯৯ নম্বরে ফোন দিলে মতলব দক্ষিণ থানা পুলিশের এসআই একরাম এনামুল সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে আসেন এবং বিল্লাল মালকে বেড়া সরিয়ে দেয়ার নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে ভুক্তভোগী সোহেল গাজী গং বলেন, আমাদের বাড়ির চলাচলের পথের জন্য পার্শ্ববর্তী রহিম প্রধানীয়ার কাছ থেকে আড়াই শতাংশ জমি ক্রয় করি। এবং বিল্লাল মালের সাথে আমাদের কোন বিরোধ ছিল না। কিন্তু কোন কারন ছাড়াই তিনি আমাদের চলাচলের পথে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। আমরা এখন বাড়ি থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ছে। আমরা এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে অবগত করলে তারাও বেড়া সরিয়ে দেয়ার জন্য অনুরোধ করেন। আমরা প্রশাসনের সু দৃষ্টি কামনা করছি।
অভিযুক্ত বিল্লাল মাল পুলিশকে বলেন, এলজিইডি সড়কের পাশের আমারও জায়গা আছে। তবে আমরা বেড়া সরাবো না। প্রয়োজনে মামলায় বুঝবো।এ বিষয়ে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রধানীয়া সাংবাদিককে বলেন, ঘটনাটি সম্পর্কে আমি অবগত হয়েছি। উক্ত ঘটনায় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউপি সদস্য মোখলেস গাজীকে দায়িত্ব দেয়া হয়েছে। তারপরও যদি তারা বেড়া সরিয়ে না নেওয়া হয়, তাহলে ভুক্তভোগীদেরকে আইনি প্রদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছি।



