
মহসিন হোসাইন: চাঁদপুর সদর মডেল থানার (ওসি) অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া’র নাম ভাঙিয়ে কানাডা প্রবাসীর কাছ থেকে ৫০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাল বাজার কাঁচা মালের ব্যবসায়ী সরোয়ার হোসাইন সেলিম এর বিরুদ্ধে। ভুক্তভোগী নারী (ছদ্ম নাম- নাজমা আক্তার) এ ঘটনায় গত রবিবার থানায় লিখিত এজাহার দায়ের করেন তিনি।
এজাহারে উল্লেখ করা হয়— চাঁদপুর পালবাজারের কাঁচা মালের আড়ৎ সেলিম ট্রেডার্স -এর মালিক সারোয়ার হোসাইন সেলিম নামের এক যুবক দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর পরিবার সম্পর্কে তার প্রবাসী স্বামীর কাছে বিভিন্ন মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে পারিবারিক অশান্তি সৃষ্টি করে আসছিলেন। এতে তার পরিবারে অশান্তি সৃষ্টি হয়। সংসারে ভাঙ্গন দেখা দেয়।
এরপর গত ২৭ আগস্ট সকালে ওই ব্যবসায়ী কৌশলে ভুক্তভোগী নারীর স্বামী কানাডা প্রবাসীর কাছে ফোন করে দাবি করেন, তার স্ত্রী নাকি সরোয়ারের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগ উঠাতে ওসি ৫০ হাজার টাকা লাগবে বলেও জানান তিনি। এ সময় সেলিমের দেওয়া কথা বিশ্বাস করে প্রবাসী প্রথমে এক নারী নাম-(মায়া) সহযোগীর বিকাশ নম্বরে ২০ হাজার টাকা এবং দুই দিন পর সরোয়ার হোসাইন সেলিমের নিজের বিকাশ নম্বরে আরও ৩০ হাজার টাকা প্রেরণ করেন।
অর্থ হাতিয়ে নেওয়ার পর প্রতারক চক্র টাকা ফেরত না দিয়ে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে। পরে প্রবাসী বিষয়টি তার স্ত্রীকে জানালে পুরো প্রতারণার ঘটনা প্রকাশ পায়।
ভুক্তভোগী নারী জানান, ওসির নামে মিথ্যা তথ্য দিয়ে সংগঠিতভাবে প্রতারণা করেছে তারা। প্রমাণ হিসেবে বিকাশ লেনদেনের চারটি স্লিপ জমা দিয়েছি।
এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত সেলিমের বিরুদ্ধে অতীতেও তাঁর স্ত্রী হত্যা মামলার আসামিসহ তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।
এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।সদর মডেল থানা পুলিশ বিষয়টি তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাকে গতকাল শুক্রবার দিন জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া।



