
বাংলাদেশ বাল্কহেড বোর্ড মালিক-শ্রমিক ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখা গতকাল বৃহস্পতিবার সকালে চাঁদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করে।
ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এই মানববন্ধনের ব্যবসায়ী, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয়রা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বাল্কহেড বোর্ড মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফেজ শাহাদাত। তিনি বলেন, গত ১৮ মে ২০২৫ তারিখে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মেসার্স মনির এন্টারপ্রাইজ ও মেসার্স সূচনা এন্টারপ্রাইজকে ৬ কোটি ৫০ লাখ টাকায় ভাষানচর বালুমহাল ইজারা দেয়। ইজারা পাওয়ার পর থেকেই একটি সন্ত্রাসী গোষ্ঠী ও ব্যবসায়িক প্রতিপক্ষ নৌ-প্রশাসনকে ভুল তথ্য দিয়ে বালুমহাল বন্ধের চেষ্টা চালিয়ে আসছে।
তিনি অভিযোগ করে, বিষয়টি জেলা প্রশাসককে জানালেও হয়রানি কমেনি। বরং সশস্ত্র হামলা, ড্রেজার ও বাল্কহেডে ভাঙচুর, এমনকি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে, আর সরকারি রাজস্ব পরিশোধেও বাধা সৃষ্টি করছে এই অবস্থার।
এর মধ্যেই আসে আরও বড় অভিযোগ। গত ১২ নভেম্বর ২০২৫ সকালে কোস্টগার্ড চাঁদপুর জোন মোহনপুর লঞ্চঘাটের কাছ থেকে পাঁচজনকে আটক করে। ঘটনাস্থল ভাষানচর বালুমহল এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরে হলেও, তাদের নামে মামলা দেয় কোস্টগার্ড। আয়োজকরা দাবি করেন, আটক ব্যক্তিদের সঙ্গে গোলাম কিবরিয়া মিয়াজীর কোনো ব্যবসায়িক বা পারিবারিক সম্পর্ক নেই। তবুও সূচনা এন্টারপ্রাইজের মালিক ও সমাজসেবক গোলাম কিবরিয়া মিয়াজীকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে।
তাদের দাবি, কিবরিয়া মিয়াজীর প্রতিপক্ষরা তাঁকে সামাজিক ও ব্যবসায়িকভাবে হেয় করতে চাইছে। কোস্ট গার্ড তাঁকে নৌ-ডাকাত হিসেবে উল্লেখ করাতেও তারা গভীর ক্ষোভ প্রকাশ করে। তাদের দাবি একটি শৃঙ্খলাপূর্ণ বাহিনীর এ ধরনের মন্তব্য প্রত্যাশিত নয়।
বাংলাদেশ বাল্কহেড বোর্ড মালিক-শ্রমিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফেজ শাহাদাত আরো বলেন, মোহনপুরে পাঁচজনকে আটক করার সময় কিবরিয়া মিয়াজী সেখানে ছিলেনই না। এরপরও তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে সোশ্যাল মিডিয়ায় উৎসব করা হচ্ছে বলে অভিযোগ করেন।
তাদের দাবি, এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এবং একজন নিরপরাধ ব্যবসায়ীর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তাই দ্রুত তদন্ত করে কোস্টগার্ডের বক্তব্য প্রত্যাহার এবং গোলাম কিবরিয়া মিয়াজীর নাম মামলা থেকে অবিলম্বে বাদ দেওয়ার আহ্বান জানান তারা।



