
স্টাফ রিপোর্টার : ক্রাউন সিমেন্ট পিএলসি -এর আয়োজনে এবং এক্সক্লুসিভ ডিলার মেসার্স মোশারফ হোসাইন -এর সার্বিক সহযোগিতায় বাৎসরিক পু্ণমিলনী ও ব্যবসায়ীক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর সোমবার চাঁদপুর ক্লাবে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন করা হয়।
দিনব্যাপী এই আয়োজনে ব্যবসায়ীক মতবিনিময় সভা, মধ্যাহ্নভোজ, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে সেরা বিক্রেতা এবং তাদের পরিবারকে ক্রেস্ট ও পুরস্কারের মাধ্যমে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ক্রাউন সিমেন্ট পিএলসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান মুরাদ। চাঁদপুর জেলা ও রামগঞ্জ থানার এক্সক্লুসিভ ডিলার আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, কোম্পানির ডেপুটি ম্যানাজার প্রণব সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এক্সক্লুসিভ ডিলার মেসার্স মোশারফ হোসাইন -এর পরিচালক নাঈমা মোশারফ, মারজুক মুহিত ঐশ্বর্য, ক্রাউন সিমেন্টের জেনারেল ইনচার্জ মোহাম্মদ সোলায়মান ও সোহেল মিয়া।
প্রধান অতিথির বক্তব্য ক্রাউন সিমেন্ট পিএলসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান মুরাদ বলেন, ক্রাউন সিমেন্ট সবসময়ই গুণগতমান, নির্ভরযোগ্যতা এবং টেকসই নির্মাণের প্রতিশ্রুতি ধরে রেখেছে। ফলে বাংলাদেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও ক্রাউন সিমেন্টের গ্রহণযোগ্যতা দিনদিন বাড়ছে। স্থানীয় ডিলার ও ব্যবসায়ী এবং নির্মাণ শিল্পীদের আন্তরিক সহযোগিতার জন্যই আমাদের এই সাফল্য। আপনারাই আমাদের অগ্রগতির মূল শক্তি।
সভাপতির বক্তব্য এক্সক্লুসিভ ডিলার আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন বলেন, গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সবচেয়ে বড় অর্জন। এই অর্জনের সবচেয়ে বড় অংশীদার হলেন, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন– সেই সকল ব্যবসায়ীরা। আপনাদের আন্তরিকতা এবং সহযোগিতার কারণেই ক্রাউন সিমেন্ট গ্রাহকদের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করতে পেরেছে। আগামী দিনে আমরা সম্মিলিতভাবে ব্যবসায়িক সাফল্য অর্জন করব, সেই প্রত্যাশা রাখছি।
অনুষ্ঠানে ব্যবসায়িক মতবিনিময় সভায় বিভিন্ন উপজেলার বিক্রয় প্রতিষ্ঠানের মালিকরা ক্রাউন সিমেন্ট নিয়ে তাদের ব্যবসায়িক অনুভূতি, পরামর্শ, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি পরিবারের সদস্যদের অংশগ্রহণে এমন আয়োজনের জন্য তারা ক্রাউন সিমেন্ট পিএলসি এবং এক্সক্লুসিভ ডিলার মেসার্স মোশারফ হোসাইনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।



