
স্টাফ রিপোর্টার : চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহাবুব আলম। তিনি হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের প্রতাপপুর গ্রামের সন্তান।
বর্তমানে তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সহ-শিক্ষা সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টেশন এন্ড আর্কাইভ সেলের প্রধান ও এনসিপির মিডিয়া সেল সদস্য হিসেবে কাজ করছেন। তাঁর জন্ম ১৯৯৭ সালে। তরুণ উদীয়মান সংগঠক মাহবুব আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)-এর সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। একই সাথে তিনি দেশের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত ছিলেন। তিনি ইয়েস গ্রুপ-টিআইবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিম লিডার এবং চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
দেশে মিডিয়া প্রশিক্ষণ স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি ভারতের জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি (জেএনইউ) থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। রাজনৈতিক ইতিহাস নিয়ে গবেষণা করা মাহবুব আলম সম্প্রতি ‘এনসিপির যাত্রা’ শিরোনামে একটি বই লিখেছেন। এছাড়া দেশি-বিদেশি পত্রিকা ও জার্নালে অনেক লেখা প্রকাশিত হয়েছে তাঁর। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক জিটি ২০ সম্মেলন-২০২৩, ইন্ডিয়াতে তিনি অংশগ্রহণ করেন।
এক প্রতিক্রিয়ায় মাহাবুব আলম বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তির সন্তান হিসেবে এলাকার আপামর জনগণ আমাকে তাদের সন্তান হিসেবে বুকে নিলে আমি এলাকার শিক্ষা, উন্নয়ন, সামাজিকতা, চিকিৎসা, বাসস্থান, দারিদ্র্য দূরীকরণে কাজ করে ব্যাপক পরিবর্তন আনতে পারবো বলে আশা রাখি।




