
ইব্রাহিম খান : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন,গত ১৭ বছর আমরা একটা অন্ধকার জগতে ছিলাম।যেখানে দেশের শিক্ষার্থীরা জিপিএ -৫ পেতো কিন্তু কোন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতো না।আমরা প্রকৃত শিক্ষা চাই।যেই শিক্ষা হবে মান সম্মত।আমরা নকল মুক্ত শিক্ষা চাই। আমরা চাই বাংলাদেশে শুধু সার্টিফিকেট পাবেনা একটি দক্ষ জনশক্তি গড়ে উঠবে।
৫ নভেম্বর বুধবার বিকেলে চাঁদপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নবনির্মিত অফিস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশের জনগোষ্ঠীর দোরগোড়ায় শিক্ষাকে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ। যে ব্যক্তির মধ্যে শিক্ষা আছে সে কোন অন্যায় করতে পারে না।শুধু সার্টিফিকেট থাকলেই আমরা তাকে শিক্ষিত বলি না।যা মানুষকে সুন্দর দিকে ধাবিত করে আমরা তাকেই শিক্ষা বলি।একটি পরিবারে মা যদি শিক্ষিত হয় সেই পরিবার এমনিতেই শিক্ষিত হয়।চাঁদপুরে এই উপ-আঞ্চলিক কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ সহজতর করবে।”
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীমের সভাপতিত্বে ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মাহফুজ উল আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো- উপাচার্য (প্রশাসন) সাইদ ফেরদৌস পিএইচডি, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মাসুদুর রহমান,লেফটেন্যান্ট আজিজুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া,এনসিপি চাঁদপুরের প্রধান সমন্বয়কারী মাহবুব আলম।
আরো বক্তব্য রাখেন বাউবি এসএসসি প্রোগ্রামের সমন্বয়কারী আব্দুল মান্নান, মতলব রয়মন নেছা ডিগ্রী কলেজের সমন্বয়কারী অরুণ চন্দ্র সরকার,হাজীগঞ্জ ডিগ্রি কলেজের বিএবিএস প্রোগ্রামের সমন্বয়কারী ফারুক আহমেদ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রেজা মাহবুব আলফু।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিঃ দায়িত্ব ) অধ্যাপক মোঃ আনিছুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন হাফেজ মোঃ আতাহার হোসেন,গীতা পাঠ করেন প্রাথী চক্রবর্তী।
এর আগে প্রধান অতিথি ফিতা কেটে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে চাঁদপুর উপ-আঞ্চলিক পরিচালক ইব্রাহিম খলিল সহ কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপাচার্য ও অতিথিবৃন্দ ভবনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।



