
মহসিন হোসাইন: ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের আয়োজনে গতকাল শুক্রবার (১ নভেম্বর ২০২৫) ফরিদগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থী, শিক্ষক এবং সামাজিক উন্নয়নে অবদান রাখা ব্যক্তিবর্গ ও সংগঠনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব এম এ হান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি আবুল কাশেম মজুমদার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল আবুল হাসান।
প্রধান অতিথি মোহাম্মদ রুহুল্লাহ তাঁর বক্তব্যে বলেন—শিক্ষাই সমাজ পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। ফরিদগঞ্জের শিক্ষার্থীরা শুধু পরীক্ষার খাতায় নয়, নৈতিকতা ও মানবিকতার দিক থেকেও আদর্শ হয়ে উঠুক—এটাই আমাদের প্রত্যাশা। আজ যারা সম্মাননা পেয়েছেন, তারা ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবেন।
তিনি আরও বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাদের হাতেই একেকটি শিশুর মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাকে বিকশিত করার ক্ষমতা আছে। তাই শিক্ষকদের মর্যাদা ও সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে শতাধিক কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও বিশিষ্ট নাগরিককে সম্মাননা ক্রেস্ট ও প্রণোদনা প্রদান করা হয়। সংবর্ধিতদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।
এসময় বক্তারা বলেন, সমাজের উন্নয়নে শুধু সরকারি উদ্যোগ নয়, স্থানীয় সংগঠনগুলোর এগিয়ে আসা সময়ের দাবি। ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের এ উদ্যোগ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
শেষে সংগঠনের সভাপতি আলহাজ্ব এম এ হান্নান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা চাই ফরিদগঞ্জ হোক শিক্ষায়, সংস্কৃতিতে ও মানবিকতায় দেশের অন্যতম আদর্শ উপজেলা। আমাদের এই আয়োজন তারই অংশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গণ্যামান্য ব্যাক্তিবর্গ, স্থানীয়রা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রধানগণসহ শিক্ষার্থী ও অভিভাবকরা।



