
মহসিন হোসাইন: চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী আলিম মাদ্রাসা পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) তিনি মাদ্রাসাটিতে উপস্থিত হয়ে ২০২৬ সালের দাখিল ও আলিম পরীক্ষার ফলাফল উন্নয়ন, একাডেমিক পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
পরিদর্শনকালে জেলা শিক্ষা অফিসার বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে ত্রিমাত্রিক সম্পর্ক গড়ে তোলা জরুরি। তিনি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দিয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী পাঠদান ও তত্ত্বাবধানের নির্দেশনা দেন।
এছাড়া তিনি শিক্ষকদের সময়মতো প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া, প্রস্তুতি নিয়ে ক্লাসে অংশগ্রহণ করা এবং নির্ধারিত সময় পর্যন্ত প্রতিষ্ঠানে অবস্থান নিশ্চিত করার আহ্বান জানান। শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার থেকে দূরে রাখার পরামর্শ দেন।
পরিদর্শনের সময় জেলা শিক্ষা অফিসার হোম ভিজিটিং, অভিভাবক সমাবেশ, খেলাধুলা ও শরীরচর্চা, সহপাঠক্রমিক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং সাপ্তাহিক জলসা আয়োজনের বিষয়েও নির্দেশনা প্রদান করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে শুধু পাঠ্যপুস্তকই নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধও সমানভাবে গড়ে তোলা প্রয়োজন।
পরিদর্শন শেষে তিনি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।



