চাঁদপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগে অটোবাইক চালক আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে অটোবাইকে তুলে কিশোরীকে নির্জন স্থানে নেওয়া হয়, পরে এলাকাবাসীর হাতে আটক হয় অভিযুক্ত। মাত্র বারো বছরের এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক অটোবাইক চালকের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫খ্রি.) বিকেল সাড়ে তিনটার দিকে, চাঁদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদী এলাকায় এঘটনা ঘটে। ভুক্তভোগীর মা, লিপি রানী শীল, চাঁদপুর সদর মডেল থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, তার মেয়ে নির্ধী রানী শীল প্রতিদিনের মতো সেদিন সকালে স্কুলে যায়।

বিকেলে স্কুল ছুটি হলে বাড়ি ফেরার জন্য রাস্তার পাশে গাড়ির অপেক্ষায় ছিল সে। ঠিক তখনই স্থানীয় অটোচালক হাসান ছৈয়াল তার অটোবাইক নিয়ে সেখানে আসে। মেয়েটি যখন জানতে চায় অটোটি তরপুরচন্ডী যাবে কিনা, হাসান বলে— যাবে। এরপর সে একাই মেয়েটিকে গাড়িতে তোলে এবং আর কাউকে না নিয়ে অটোটি চালিয়ে নেয় নির্জন এক স্থানে। সেখানে পৌঁছে অভিযুক্ত হাসান মেয়েটিকে জোর করে নামায়, শারীরিকভাবে আক্রমণ করে এবং ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় মেয়েটি চিৎকার করলে আশপাশের লোকজন দৌড়ে আসে। তারা ঘটনাস্থলেই হাসানকে আটক করে এবং খবর দেয় পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসান ছৈয়ালকে হেফাজতে নেয়। ঘটনার পর মেয়েটির পরিবার থানায় গিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করে। স্থানীয়দের মতে, হাসান এলাকায় আগে থেকেই উশৃঙ্খল ও খারাপ চরিত্রের লোক হিসেবে পরিচিত ছিল। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে, এবং তদন্ত চলছে বলে জানা গেছে।

সম্পর্কিত খবর