ফরিদগঞ্জ কালিরবাজার মিজানুর রহমান উবি জেলা শিক্ষা অফিসারের পরিদর্শন

মহসিন হোসাইন: চাঁদপুর জেলার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫ ইং) তারিখে ফরিদগঞ্জ কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় তিনি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষমুখী করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে ত্রিমাত্রিক সম্পর্ক জোরদারের আহ্বান জানান তিনি।

জেলা শিক্ষা অফিসার শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের নিয়মিত হোম ভিজিটিং, অভিভাবক সমাবেশ আয়োজন, এবং শিক্ষার্থীদের মোবাইল ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার থেকে দূরে রাখার পরামর্শ প্রদান করেন। পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক চেতনা গড়ে তোলা, খেলাধুলা ও সহপাঠক্রমিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন।

তিনি আরও বলেন, শিক্ষকদের নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রস্তুতি নিয়ে পাঠদান করা এবং পুরো সময় বিদ্যালয়ে অবস্থান করা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শন শেষে জেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক প্রচেষ্টার আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর