চাঁদপুর জেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা

মহসিন হোসাইন: চাঁদপুর জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল (২৮ অক্টোবর) মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। সভায় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা হয়।

সভায় জেলা পরিষদ প্রশাসক বলেন, জেলা পরিষদ জনগণের একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান। তাই জনস্বার্থে কল্যাণকর প্রকল্প গ্রহণ করুন। ব্যক্তিগত বাড়ি বা ব্যক্তিগত কবরস্থানে কোনো প্রকল্প গ্রহণ করা যাবে না। উন্নয়ন কর্মকাণ্ড অবশ্যই জনগণের কল্যাণে হতে হবে।

তিনি আরও বলেন, বিগত অর্থবছরের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। সম্পন্ন প্রকল্পগুলোর মান ও কার্যকারিতা সরেজমিনে পরিদর্শনের জন্য জেলা পরিষদ সদস্যদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

প্রশাসক বলেন, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণ জেলা পরিষদে কোনো কাজে এসে যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। উন্নয়ন হবে জনগণের অংশগ্রহণে, আর তা হবে জনকল্যাণে।

সভায় আরও সিদ্ধান্ত গৃহীত হয় যে, চাঁদপুরের আটটি উপজেলার বিভিন্ন স্কুলে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা পরিবেশ উন্নয়ন ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

সভায় চাঁদপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নিবাহী কমকতা ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম জাকারিয়াসহ জেলা পরিষদের সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর