
স্টাফ রিপোর্টার।। বিএনপির কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের ২২টি আসনের সম্ভাব্যপ্রার্থীদের সাথে মতবিনিময় সভা আজ রবিবার। বিকাল ৫টায় অনুষ্ঠিতব্য এ মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
ইতিমধ্যে কুমিল্লা বিভাগের অধীনে থাকা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের অন্তত ৬০জন সম্ভাব্য প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সাথে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির সাংগঠনিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককেও।
জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। কোন কোন আসনের প্রার্থীদের ফোন করে দলের পক্ষ থেকে গ্রীণ সিগন্যালও দেওয়া হয়েছে। এর মধ্যে এ তৎপরতায় পরিবর্তন এসেছে। আজ রবিবার বেশ কয়েকটি বিভাগে সম্ভাব্য প্রার্থীদের বিএনপি চেয়ারপার্সনের গুলশানস্থ কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। বিকাল ৪টায় চট্টগ্রাম বিভাগ ও সন্ধ্যা ৬টায় কুমিল্লা-ময়মনসিংহ বিভাগসহ আরো একটি বিভাগের প্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে। সবাইকে রবিবার সকাল ১০টায় আমন্ত্রণ পত্র হস্তান্তর করা হবে। সূত্র জানায়, যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের ইতিমধ্যে ফোন করে বলে দেওয়া হয়েছে। এর আগে তাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড ও ছবি নেওয়া হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় তারা কার্ড পাবেন এবং বিকালে আলোচিত মতবিনিময় সভায় অংশ নেবেন।
বিএনপির একটি সূত্র জানায়, কে কে আমন্ত্রণ পেয়েছেন তার তালিকা প্রকাশ করা হয়নি। তবে সম্ভাব্য প্রার্থী অনেকে আমন্ত্রণ পেয়েছেন।
সূত্রটি আরো জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। নির্বাচনের করণীয় সম্পর্কে বলবেন। সেই সাথে কারা মনোনয়ন পাবেন সেটেও স্পষ্ট করবেন অথবা সভার পর আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন। এটি না হলে তিনি পরবর্তীতে ফোন করেও প্রার্থীদের চূড়ান্ত তথ্য জানতে পারেন।
কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম আমন্ত্রণ পাওয়া তথ্য নিশ্চিত করে জানান, সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় করতে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি সভাটিতে যোগ দিতে যাচ্ছেন।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, তিনি মতবিনিময় সভায় যোগ দিতে ঢাকায় অবস্থান করছেন। তিনিও আমন্ত্রণ পেয়েছেন।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুও আমন্ত্রণ পেয়েছেন।
বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাক মিয়া জানান, তিনি সদর আসনের প্রার্থী হিসেবে মতবিনিময় সভায় অংশ নিতে যাচ্ছেন। তিনি জানান, দল যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী তিনি কাজ করবেন। দলের বাইরের কাউকে সভায় আমন্ত্রণ জানানো হয়নি বলেও তিনি জানান



