চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে হাসপাতালকে জরিমানা

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে শহরের চেয়ারম্যানঘাট এলাকায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির জন্য সংরক্ষণ করে রাখায় হাসপাতাল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে ফেমাস স্পেশালাইজড হসপিটাল এন্ড ট্রমা সেন্টার মালিককে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

সম্পর্কিত খবর