হাজীগঞ্জে ফেসবুকে ‘হা হা’ রিয়েক্টকে কেন্দ্র করে প্রবাসী পরিবারের উপর হামলা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে ‘হা হা’ রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জে প্রবাসী পরিবারের উপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের মুকুন্দসার ঢালী বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-ফরিদ উদ্দিন ঢালীর ছেলে আলম ঢালী (৪০), মৃত নূরুল ইসলাম ঢালীর স্ত্রী জাহানারা বেগম (৫০), মজিবুর রহমান ঢালীর স্ত্রী কুলসুমা বেগম (৬০), মাসুদ ঢালীর মেয়ে মুনতাহা (১০) এবং আল-আমিন ঢালীর মেয়ে মীম (১২)। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়-ছোট নবাব নামের একটি ফেসবুক আইডি থেকে করা পোস্টে ওমান প্রবাসী আয়ুব আলী ঢালীর ছেলে শুভ ঢালী একটি ‘হা হা’ রিয়েক্ট দেন। এ নিয়ে শুভ ও ছোট নবাবের মধ্যে মেসেঞ্জারে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওই এলাকার শেখবাড়ির ইমান আলীর ছেলে আমিন, বিল্লালের ছেলে রুবেল, ইউসুফের ছেলে রাজিব, জাকিরের ছেলে জাবেদ, জাহাঙ্গীরের ছেলে মোহন, দুদু শেখের ছেলে স্বপন,শাহ আলম শেখের ছেলে মেহেদীসহ প্রায় ২০ জন কিশোর গ্যাং সদস্য শুভর বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়।

স্থানীয়রা জানায়-হামলাকারীরা শুভর পরিবারের বসতঘর ভাঙচুর করার পাশাপাশি ঘরে থাকা নারী-শিশুদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে করে শিশু ও নারী সহ আহত হয় ২ জন।

পরে স্থানীয়রা এগিয়ে এলে তাদের উদ্দেশ্যেও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে করে ১ শিশু সহ ৩ প্রাপ্ত বয়স্ক আহত হয়। এরপর হামলাকারীরা পালিয়ে যাওয়ার পথে দুপাশে থাকা কয়েকটি ভবনের জানালার গ্লাস ভাংচুর করে।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন-ফেসবুকের সামান্য একটি রিয়েক্টকে কেন্দ্র করে এমন হামলা অকল্পনীয়। প্রশাসনের উচিত দ্রুত এসব কিশোর গ্যাং সদস্যদের আইনের আওতায় আনা।

রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন-ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকার মেম্বারকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তের জন্য। তদন্তে দোষীদের নাম উঠে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন- অভিযোগের আলোকে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে,ঘটনাটিকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন,কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে।

সম্পর্কিত খবর