আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁদপুর জেলার বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি পেশ

মহসিন হোসাইন : চলমান শিক্ষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ও ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে সংগঠনের জেলা শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হারুন অর রশিদ, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা ছগীর হোসেন, সহ-সভাপতি মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন জেলা ইবতেদায়ী শিক্ষক পরিষদের সভাপতি গোলাম ফারুক মো. ইয়াহিয়া, শিক্ষক নেতা ফারুকুল ইসলাম, মাওলানা আবু বকর মাহমুদ, আবু হানিফ মোল্লা, জাবায়ের হোসেনসহ জেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শিক্ষা সংস্কার ও শিক্ষকদের বিদ্যমান সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বিশ্বাস করে— সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গঠনে নৈতিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা অপরিহার্য। স্বাধীনতার পর থেকে ক্ষমতাসীন সরকারগুলোর উদাসীনতা ও বিশেষ গোষ্ঠীর প্রভাবের কারণে দেশের শিক্ষাব্যবস্থা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

সংগঠনটি দাবি জানায়, ২০১০ সালের শিক্ষানীতিতে নৈতিক শিক্ষার অবমূল্যায়ন হয়েছে, যা সংশোধন করে শিক্ষায় নৈতিক মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠা জরুরি। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৮ দফা দাবি: ১. বাড়ি ভাতা ৪৫% নির্ধারণ করতে হবে। ২. চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা দিতে হবে।

৩. শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে। ৪. প্রস্তাবিত ১,০৮৯টি ইবতেদায়ী মাদ্রাসা দ্রুত এমপিওভুক্ত করতে হবে। ৫. নন-এমপিও শিক্ষকদের চাকরি ও তাদের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। ৬. অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে।

৭. স্বৈরাচারী সরকারের আমলে এমপিওভুক্ত শিক্ষকরা যাদের পাওনা পাননি, তাদের বকেয়া দ্রুত পরিশোধ করতে হবে।

৮. অনুমোদিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়/কিন্ডারগার্টেন সমূহকে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ও উপবৃত্তি প্রদানের আওতায় আনতে হবে। সংগঠনের নেতারা বলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মনে করে, একটি জাতিকে গঠন করতে হলে তার শিক্ষা ব্যবস্থা হতে হবে যুগোপযোগী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন। সেই লক্ষ্যেই আমরা এই দাবি ও প্রস্তাবসমূহ উপস্থাপন করেছি।

সম্পর্কিত খবর