
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর টু ঢাকা নৌরুটে দ্রুতগামী লঞ্চ চালু এবং সেবার মান বৃদ্ধির ব্যবস্থা গ্রহণের জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
১৬অক্টোবর চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরে এ চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, চাঁদপুর নদী বন্দর বাংলাদেশের একটি অন্যতম নৌবন্দর ও বাণিজ্যিক কেন্দ্র, ঐতিহাসিক সংযোগস্থল এবং গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান হিসেবে বিবেচিত। ঢাকা থেকে বরিশাল বিভাগের সকল জেলা এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ঢাকাসহ সারাদেশের লঞ্চ, কার্গো ও জাহাজ চলাচলের ট্রানজিট পয়েন্ট হিসেবে চাঁদপুর নদীবন্দর ব্যবহৃত হয়ে থাকে।
চাঁদপুর শহর পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় অবস্থিত হওয়ায় এবং ইলিশের বাড়ি হিসেবে পরিচিতি পাওয়ায় ভ্রমণ পিপাসু মানুষের কাছে আকর্ষণীয় পর্যটন স্থান হিসেবে গড়ে উঠেছে। জনসাধারণ নৌ-পথে চাঁদপুর-ঢাকা যাতায়াতে স্বাচ্ছন্দ্যবোধ করে। বর্তমানে নদীপথে চাঁদপুর-ঢাকা যাতায়াতে ৩:৩০ ঘণ্টা থেকে ৪:০০ ঘণ্টা সময় লাগে। অপরদিকে সড়কপথে যাতায়াতে ২:০০ ঘণ্টা থেকে ২:৩০ ঘণ্টা সময় লাগে। ধীরগতির পুরোনো লঞ্চে সড়কপথের তুলনায় নদীপথে দীর্ঘ সময় ব্যয় হওয়ায় জনসাধারণ নদীপথে যাতায়াত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। নদীপথে যাতায়াত তুলনামূলক কম ব্যয়বহুল, আরামদায়ক ও নিরাপদ।
নদীপথের যাতায়াত স্বল্পসময়ে সম্পন্ন করার জন্য দ্রুতগতির লঞ্চ চলাচল নিশ্চিত করা প্রয়োজন। লঞ্চ কর্তৃপক্ষের সদিচ্ছা থাকলে বর্তমানে যে সকল লঞ্চ সাড়ে ০৩ (তিন) ঘন্টায় চাঁদপুর থেকে ঢাকায় পৌঁছায়, তা ২:৩০ (আড়াই) ঘন্টায় পৌঁছানো সম্ভব। এছাড়াও বেশির ভাগ লঞ্চে নিম্নমানের আসন, অপ্রতুল লাইফ জ্যাকেট, অপরিষ্কার শৌচাগার ও অভ্যন্তরীণ পরিবেশ সন্তোষজনক নয়।
এতে আরও বলা হয়, বিশ্বব্যাংকের অর্থায়নে চাঁদপুর আধুনিক লঞ্চ টার্মিনালের উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। কিন্তু সাধারণ মানুষ লঞ্চে যাতায়াতে স্বাচ্ছন্দ্যবোধ না করলে উন্নত লঞ্চ টার্মিনাল নির্মাণ করেও আশানুরুপ ফল পাওয়া সম্ভব হবে না।
চিঠি সূত্রে জানা যায়, চাঁদপুর টু ঢাকা নৌরুট সচল রাখার স্বার্থে নিম্নবর্ণিত সিদ্ধান্ত নেয়া প্রয়োজন: ১. চাঁদপুর টু ঢাকা নৌপথে আধুনিক এবং দ্রুতগতিসম্পন্ন লঞ্চ চালুর উদ্যোগ গ্রহণ।
২. বর্তমানে চলাচলরত লঞ্চসমূহের সংস্কার, সেবার মান বৃদ্ধি, আধুনিকায়ন এবং আড়াই ঘণ্টার মধ্যে চাঁদপুর টু ঢাকা পৌঁছানোর লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
চাঁদপুর জেলার জনসাধারণ ব্যতীতও শরীয়তপুর এবং লক্ষীপুর জেলার কয়েকটি এলাকার জনগণ চাঁদপুর হতে ঢাকায় নৌরুটে যাতায়াত করে থাকে।
সড়কের উপর চাপ কমাতে হলে জনপ্রিয় এই নৌরুটের সেবার মান বৃদ্ধি করা প্রয়োজন, অন্যথায় ভবিষ্যতে যাত্রীর অপ্রতুলতায় লঞ্চ সেবা বন্ধ হয়ে যেতে পারে।



