
মহসিন হোসাইন: চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৭০ পিস এমফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩৪৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর ২০২৫) দুপুর দেড়টায় চাঁদপুর সদর থানাধীন চাঁদপুর বাসস্ট্যান্ডের স্বর্ণখোলা রোডস্থ আবির হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযানে আটক ব্যক্তির নাম মো. শরিফুল ইসলাম (৪০)। তিনি চাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের স্বর্ণখোলা রোডের (নুরু ছৈয়াল বাড়ি) বাসিন্দা। তার পিতা মাঈন উদ্দিন বেপারী ও মাতা হাজেরা বেগম।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা পরিদর্শক ( সার্কেল) মো. আহসান হাবীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শরিফুল ইসলামের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান।



