শাহরাস্তিতে এইচএসসির ফলাফল বিপর্যয় : সর্বনিম্ন পাসের হারের রেকর্ড

শাহরাস্তি প্রতিনিধি : শাহরাস্তি উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে। উপজেলায় সর্বনিম্ন পাসের হারের রেকর্ড শতকরা ৪২.১৫ ভাগ। উপজেলার ইতিহাসে এটিই সর্বনিম্ন ফলাফলের রেকর্ড। মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান জানান, ইতঃপূর্বে কখনো এতোটা খারাপ ফলাফল হয়নি।

বিগত বছরগুলোতে জিপিএ-৫-এর ছড়াছড়ি থাকলেও এবার উপজেলায় সর্বনিম্ন মাত্র ১৩জন জিপিএ-৫ পেয়েছে। ৬টি কলেজ থেকে ১ হাজার ৯৬জন শিক্ষার্থী অংশ নিয়ে মাত্র ৪শ’ ৬২জন উত্তীর্ণ হয়েছে। চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের পাসের হার ৫৫.৫৬% ও মেহের ডিগ্রি কলেজের ৫৫.২০%।

উপজেলার একমাত্র সরকারি কলেজ করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজ সবাইকে হতাশ করেছে। বিগত বছরগুলোতে ফলাফলের বিজয় উৎসবে এবার ভাটা পড়েছে। মাত্র ৩৬ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হতে পেরেছে। এছাড়া অধ্যক্ষ নিয়ে সংঘর্ষ ও দ্বন্দ্বে লিপ্ত থাকা চিতোষী ডিগ্রি কলেজের মাত্র ১৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হতে পেরেছে। প্রতি বছরের ঐতিহ্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে সূচীপাড়া ডিগ্রি কলেজ। এ কলেজের মাত্র ৪০ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হলেও ৮জন পেয়েছে জিপিএ-৫।

এছাড়া খিলা বাজার স্কুল এন্ড কলেজের পাসের হার ৩৮.৮৯ ভাগ।

ফলাফলের এমন রেকর্ড বিপর্যয়ে শিক্ষার্থীদের মধ্যে হতাশা নেমে আসলেও অভিভাবক ও সুশীল সমাজের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই জানান, ফলাফল বিপর্যয়ের মুখ থেকে বের হতে হলে লেখাপড়ার বিকল্প নেই। শিক্ষার্থীরা এখন পড়ার টেবিলে সময় দেবে।

শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে নকলমুক্ত পরিবেশে পরীক্ষার ব্যবস্থা অব্যাহত রাখতে হবে বলে তাঁরা মনে করেন।

সম্পর্কিত খবর