
মহসিন হোসাইন : চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের আসর।
বুধবার (৯ অক্টোবর ২০২৫) সকালে চাঁদপুর আধুনিক স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইভেন্ট ভিত্তিক দল গঠন করে শিক্ষার্থীদের সারা বছর নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করতে হবে। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নয়, শৃঙ্খলা ও নেতৃত্ব গুণ বিকাশেরও অন্যতম মাধ্যম।
চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহল্লাহ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রাকিব এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন্নাহার। পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রাকিব বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। প্রতিটি বিদ্যালয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের পরিবেশ সৃষ্টি করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহল্লাহ জানান, জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বছরের শুরুতেই ক্লাবভিত্তিক দল গঠন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন—ফুটবল ক্লাব, কাবাডি ক্লাব, ভলিবল ক্লাব, ক্রিকেট ক্লাব, ব্যাডমিন্টন ক্লাব, দাবা ক্লাব, সুইমিং ক্লাব ইত্যাদি। সপ্তাহের নির্দিষ্ট দিনে শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের অনুশীলনের সুযোগ দিতে হবে।
তিনি আরও জানান, এসব ক্লাব যথাযথভাবে গঠন ও পরিচালনা হচ্ছে কিনা তা তদারকির জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং জেলা শিক্ষা অফিসের পরিদর্শকদের নির্দেশনা দেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, ক্রীড়াবিদ ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে চাঁদপুর আধুনিক স্টেডিয়াম ছিল উৎসবমুখর।
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে জেলার ৮টি উপজেলার বিজয়ী ৮টি করে ফুটবল, হ্যান্ডবল ও কাবাডি দল অংশগ্রহণ করে।



