
চাঁদপুর শহরের তালতলা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে এক নবজাতকের মৃত্যু—কান্নায় ভেঙে পড়েছে স্বজনরা, স্তব্ধ হয়ে গেছে পুরো পরিবার।
বৃহস্পতিবার রাত প্রায় বারোটার দিকে চাঁদপুর জেনারেল হাসপাতালে মারা যায় ফারুক জামাদারের সদ্য জন্ম নেওয়া সন্তান। হাইমচর উপজেলার উত্তর আলগি ইউনিয়নের এই পরিবারের সুখ-আনন্দ মুহূর্তেই পরিণত হয় শোকে। শিশুর মা উম্মে জান্নাত চৈতি সিজার করার পর সুস্থ ছিলেন। নবজাতকও তখন ভালো অবস্থায় ছিল।
পরে হাসপাতালের নির্দেশে মা ও শিশুকে ৬০২ নম্বর কেবিনে পাঠানো হয়। শিশুটিকে ডাক্তার মাহাবুব আলীর কাছে দেখানো হলে তিনি স্যালাইন ও কিছু ওষুধ দেন। পরিবারের দাবি, ওষুধ দেওয়ার পর থেকেই শিশুটি অস্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ে। কয়েকবার ডাক্তারকে জানালেও তারা আশ্বস্ত করেন যে শিশুটি ভালো আছে।
এমনকি শিশুর নানী অনুরোধ করেছিলেন অন্য হাসপাতালে নেওয়ার জন্য, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তখনও বলেছিল কোনো সমস্যা নেই। কিছুক্ষণের মধ্যেই নবজাতকটি মারা যায়। স্বজনদের কান্নায় পুরো ওয়ার্ড ভরে ওঠে। শিশুর মা প্রায় পাগলপ্রায় হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে আসে। অভিযোগ উঠেছে, রাত দুইটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ এক রাজনৈতিক নেতা তামিমকে ডেকে এনে বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করে। সাংবাদিকরা এলে কথা কাটাকাটি হয়।
এরপর শিশুর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে পাঠিয়ে দেওয়া হয়। এমন ঘটনা যে এটাই প্রথম নয়, সেটাও জানালেন স্থানীয়রা। আগেও একই হাসপাতালে রোগীর মৃত্যুকে ঘিরে প্রশ্ন উঠেছে চিকিৎসার মান নিয়ে। এবারও সেই আস্থার জায়গায় বড় ধরনের ধাক্কা খেল সাধারণ মানুষ।




